দক্ষিণ দিনাজপুর
প্রাণঘাতী করোনা কেড়েছে মায়ের প্রাণ, দেহ আগলে ছেলে
নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, ১৩ মে : করোনায় মৃত মায়ের দেহ আগলে বসে রয়েছে ছেলে। বৃহস্পতিবার এমনই ভয়ংকর চিত্র ঘিরে আতংক ছড়ায় বালুরঘাটের বিশ্বাস পাড়ায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাতে ওই বৃদ্ধার মৃত্যুর পরে দীর্ঘ সময় কেটে গেলেও মৃতদেহ উদ্ধারের ব্যবস্থা করে নি প্রশাসন। যা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।।
করোনায় মৃত্যুর পর করুণ চিত্র উঠে এল বালুরঘাটে। মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হল ষাটোর্ধ্ব এক বৃদ্ধার। বুধবার রাতে মারা গেলেও এখন পর্যন্ত মৃতদেহ বাড়ি থেকে নিয়ে যাওয়ার কোনো রকম ব্যবস্থা প্রশাসন করেনি বলে অভিযোগ। ঘটনায় রাত থেকে মায়ের মৃতদেহ আগলে বসে রয়েছে ছেলে। এঘটনায় বৃহস্পতিবার দুপুরে তীব্র আতঙ্ক ছড়ায় বালুরঘাট শহরের বিশ্বাসপাড়া বাসন্তী বাগান এলাকায়। জানা গেছে, মৃত্যু ওই বৃদ্ধার নাম ঊষারাণী সূত্রধর। বয়স ৬৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে নানা অসুখে ভুগছিলেন। এমত অবস্থায় গত ৮ তারিখ তাঁর করোনার রিপোর্ট পজিটিভ আসে। তারপর থেকেই তার চিকিৎসা চলছে। এদিকে করোনায় আক্রান্ত হওয়ার পর থেকে দিনদিন অবস্থার অবনতি হচ্ছিল ওই বৃদ্ধার। এমত অবস্থায় বুধবার গভীর রাতে তিনি মারা যান। এদিকে মারা যাওয়ার পর স্বাস্থ্য দপ্তরের এবং প্রশাসনকে একাধিকবার ফোনে মৃতদেহ নিয়ে যাওয়ার কথা বলা হলেও তা নিয়ে যাওয়া হয়নি বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দাদের দাবি অবিলম্বে মৃতদেহ সরিয়ে এলাকায় স্যানিটাইজেশনের ব্যবস্থা করা হোক। পাশাপাশি পরিবারের অন্যান্য সদস্যদের ও করোনার পরীক্ষা করা হোক। অবশেষে সংবাদমাধ্যম যাওয়ার প্রায় ১৪ ঘন্টা পর বালুরঘাট পুরসভা মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়।
