ডিজিটাল ডেস্কঃ সংসদের বাদল অধিবেশনের প্রথম দিন থেকেই শুরু হয়েছে উত্তেজনা। কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে বিহারে শুরু হওয়া Special Intensive Revision (SIR) বা নিবিড় ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়াকে ঘিরে একযোগে প্রতিবাদে মুখর হয়েছে INDIA জোট। কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, শিবসেনা (UBT)-সহ একাধিক বিরোধী দল এই প্রক্রিয়াকে গণতন্ত্রের জন্য ‘বিপজ্জনক’ আখ্যা দিয়ে কড়া সমালোচনায় সরব।
বিরোধীদের দাবি, বিহারে ইতিমধ্যেই প্রায় ৫৮ লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে। এই সংখ্যা ভবিষ্যতে আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। আরজেডি নেতা তেজস্বী যাদব (Tejashwi Yadav) কেন্দ্রের বিরুদ্ধে ভোটাধিকার খর্ব করার অভিযোগ তুলে সরাসরি ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়েছেন।
এ রাজ্যে যদিও এখনই এমন চূড়ান্ত অবস্থান নেয়নি তৃণমূল কংগ্রেস, তবে সতর্ক সুরে স্পষ্ট বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ২১ জুলাইয়ের সভা থেকে তিনি জানিয়ে দিয়েছেন— বাংলাতেও যদি বিহারের পথ অনুসরণ করে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার ‘ষড়যন্ত্র’ শুরু হয়, তবে “আমরা নির্বাচন কমিশনের অফিস ঘেরাও করব, রাস্তায় নামব”। তাঁর কথায়, এই ধরনের পরিকল্পনা আসলে দেশের সাধারণ নাগরিকের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা।
আরও পড়ুনঃ উল্লু, ডেসিফ্লিক্স সহ একাধিক ওটিটি অ্যাপ ব্যান, সফট পর্ন দেখানোর অভিযোগ
তৃণমূল সূত্রে খবর, আপাতত সংসদে INDIA জোটের সঙ্গে মিল রেখে প্রতিবাদ চলছে, তবে রাজ্যেও পরিস্থিতির উপর নজর রাখছে দলীয় নেতৃত্ব। মুখ্যমন্ত্রীর নির্দেশেই তৃণমূল সাংসদ সুস্মিতা দেব (Sushmita Dev) আগামী কয়েক দিনের মধ্যেই যাচ্ছেন অসমে। সেখানে স্থানীয় পরিস্থিতি খতিয়ে দেখে ভবিষ্যতের আন্দোলনের রূপরেখা তৈরি হবে।
রাজনৈতিক মহলের ধারণা, আগস্ট মাস থেকে যদি বাংলাতেও SIR চালু হয়, তাহলে রাজ্য রাজনীতিতে ফের উত্তেজনার পারদ চড়বে। বিরোধী দলগুলির আশঙ্কা, এই প্রক্রিয়ার মাধ্যমে নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষদের টার্গেট করা হতে পারে, যা আসন্ন লোকসভা নির্বাচনের আগে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।