উত্তর দিনাজপুর
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ছবি আদায়, ব্ল্যাকমেল করে টাকা হাতিয়ে যুবক গ্রেফতার চোপড়ায়
ডিজিটাল ডেস্কঃ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্ক গড়ে এক কিশোরীর ব্যক্তিগত ছবি হাতিয়ে পরে ভয় দেখিয়ে টাকা আদায়ের চাঞ্চল্যকর অভিযোগ। খড়িবাড়ির (Kharibari) ওই কিশোরীর দায়ের করা অভিযোগের ভিত্তিতে উত্তর দিনাজপুরের (Uttar Dinajpur) চোপড়া (Chopra) থানার বাসিন্দা হিমাদুল রহমানকে (Himadul Rahman) গ্রেফতার করল পুলিশ। অভিযুক্তের বয়স ৩০ বছর।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রায় ছ’মাস আগে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে চোপড়ার হিমাদুলের সঙ্গে পরিচয় হয় খড়িবাড়ির এক কিশোরীর। ধীরে ধীরে কথাবার্তা থেকে সম্পর্ক, আর তারপরে ‘বিয়ের প্রতিশ্রুতি’। এই ‘প্রেমের নাটক’েই ধরা দেয় মেয়েটি। অভিযোগ, সম্পর্ক গড়ার সুযোগে হিমাদুল বিভিন্নভাবে কিশোরীর কাছ থেকে তার ব্যক্তিগত ছবি সংগ্রহ করে। তারপর শুরু হয় ভয় দেখিয়ে টাকার দাবি।
আরও পড়ুনঃ ভাটোল সীমান্তে দা নিয়ে বিএসএফ জওয়ানের উপর হামলা, পালটা গুলিতে মৃত্যু এক অনুপ্রবেশকারী
কিশোরীর অভিযোগ, অভিযুক্ত বারবার তাকে ব্যক্তিগত ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি দিতে থাকে। আতঙ্কে কিশোরী মোটা অঙ্কের টাকা দিতে বাধ্য হয়। তবে এখানেই শেষ নয়। দিন দিন হুমকি ও মানসিক চাপ বেড়েই চলছিল। এমনকী, এক সময় ওই কিশোরীর পরিবারের সদস্যদের ফোনেও তার ছবি পাঠানো শুরু করে হিমাদুল।
পরিস্থিতি সহ্যের সীমা ছাড়িয়ে গেলে অবশেষে খড়িবাড়ি থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। পুলিশ দ্রুত তদন্তে নামে এবং অভিযুক্তকে গ্রেফতার করে। শনিবার ধৃত হিমাদুল রহমানকে শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয়।
এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। নির্যাতিতার পরিবারের দাবি, অভিযুক্তকে কড়া শাস্তি দিতে হবে, যাতে ভবিষ্যতে কোনও মেয়েকে এভাবে ব্ল্যাকমেল করার সাহস না পায় কেউ। পুলিশ জানিয়েছে, তথ্য প্রযুক্তির সাহায্যে পুরো বিষয়টির তদন্ত চলছে।
এই ঘটনাটি ফের একবার দেখিয়ে দিল কীভাবে সোশ্যাল মিডিয়ার আড়ালে ‘ভয়ঙ্কর শিকারি’ হয়ে উঠছে কিছু মানুষ।
