ভাইরাল খবর
শরীরে ক্ষত, মনে দগদগে যন্ত্রণা—অভিনেত্রী নেহলের তিক্ত অভিজ্ঞতা!
ডিজিটাল ডেস্কঃ ২০১৮ সালে ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করা অভিনেত্রী ও মডেল নেহল চুডাসমা। সম্প্রতি সামাজিক মাধ্যমে নিজের জীবনের এক ভয়াবহ অভিজ্ঞতা শেয়ার করেছেন, যা দেখে স্তম্ভিত হয়েছেন তাঁর অনুরাগীরা।
নেহলের অভিযোগ, এক বছর চল্লিশের এক ব্যক্তি, যাঁর সঙ্গে তাঁর দীর্ঘদিনের পরিচয় ছিল, তিনি তাঁকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেছেন। সেই ভয়ংকর রাতের কথা স্মরণ করে নেহল বলেন, “আমার বাঁ হাত ও কব্জি মুচড়ে দেওয়া হয়েছিল, এত জোরে চড় মারা হয়েছিল যে কানে তালা লেগে গিয়েছিল। সারা শরীরে কালশিটে পড়ে যায়, গালে গভীর লাল দাগ। আমাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেওয়া হয়।” শুধু তাই নয়, ওই ব্যক্তি তাঁকে গাড়ি চাপা দিয়ে হত্যার হুমকিও দেন।
আরও পড়ুনঃগর্ভপাতের সিদ্ধান্ত বদলে দিল জীবন, অকপট কুবরা সেত!
নেহল আরও জানান, দীর্ঘদিন ধরেই তিনি মানসিক নির্যাতনের শিকার হচ্ছিলেন। তাঁর গাড়ির সামনের দরজা ভেঙে দেওয়া হয়, তাঁকে অনুসরণ করা হত, বিভিন্নভাবে হয়রানি করা হত। তবে সব কিছু মুখ বুজে সহ্য না করে শান্তিপূর্ণভাবে সমাধান করতে চেয়েছিলেন তিনি। কিন্তু তাঁর নরম মনোভাবকেই দুর্বলতা মনে করে ওই ব্যক্তি আরও হিংস্র হয়ে ওঠেন। “আমি বিষয়টি বন্ধ করতে চেয়েছিলাম, কিন্তু তার বদলে সে আরও ভয়ঙ্কর হয়ে ওঠে,” বলেন নেহল।
কিন্তু সেই রাতে নেহল চুপ করে থাকেননি। সাহস করে প্রতিরোধের চেষ্টা করেন, পথচারী দুই মহিলাও সাহায্য করতে আসেন। তবে পরিস্থিতি আরও খারাপ হলে তিনি সরাসরি পুলিশের কাছে ছুটে যান। নেহলের অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত ব্যবস্থা নেয় এবং অভিযুক্তকে গ্রেফতার করা হয়। পরে জানা যায়, ওই ব্যক্তি আরও অনেক অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন।
এই ভয়াবহ অভিজ্ঞতার পর নেহল উপলব্ধি করেছেন, নারীরা কোথাও পুরোপুরি নিরাপদ নন, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো একান্ত প্রয়োজন। তিনি বলেন, “আমি এই ঘটনার শিকার, তবে আমি ভুক্তভোগী হয়ে থাকতে চাই না। আমি লড়াই করে ন্যায়ের জন্য দাঁড়াব।”
