দেশের খবর
আইনের অপব্যবহারে ফাঁসলেন স্ত্রী, হাই কোর্টের কড়া বার্তা
ডিজিটাল ডেস্কঃ স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে একের পর এক মামলা করে স্বামীকে মানসিক চাপে ফেলার চেষ্টা করেছিলেন এক মহিলা— এমনই পর্যবেক্ষণ ওড়িশা হাই কোর্টের। বিবাহবিচ্ছেদ আটকাতে মহিলার আর্জি খারিজ করে আদালত জানায়, ৪৫টি মামলা স্বামীর উপর মানসিক নির্যাতনের সামিল।
২০০৩ সালে বিয়ে হলেও দাম্পত্যকলহের জেরে ২০০৯ সালে বিবাহবিচ্ছেদের আবেদন করেন স্বামী। ২০২৩ সালে পারিবারিক আদালত ৬৩ লক্ষ টাকা খোরপোশের শর্তে বিচ্ছেদের অনুমতি দেয়। কিন্তু সেই রায়কে চ্যালেঞ্জ করে হাই কোর্টে যান স্ত্রী।
আরও পড়ুনঃ স্ত্রীর পরকীয়া ফাঁস! কিন্তু রাগ নয়, বরং ধুমধাম করে প্রেমিকের সঙ্গে বিয়ে দিলেন স্বামী!
শুনানিতে উঠে আসে, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে ধারাবাহিক মামলা দায়ের করেছিলেন ওই মহিলা। আদালতের পর্যবেক্ষণ, এটি আইনের অপব্যবহার এবং মানসিক অত্যাচারের শামিল। আত্মহত্যার হুমকি দিয়ে স্বামীকে মানসিক অস্থিরতার মধ্যে ফেলারও অভিযোগ উঠে আসে। এই যুক্তির ভিত্তিতেই স্ত্রীর আর্জি খারিজ করে ওড়িশা হাই কোর্ট জানায়, এই পরিস্থিতিতে দাম্পত্য সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব নয়।
