ভাইরাল খবর
কে হবেন পরবর্তী মুখ্যসচিব? মনোজ পন্থের বিদায়ের দিনে প্রশাসনে উত্তেজনা
ডিজিটাল ডেস্কঃ পশ্চিমবঙ্গের মুখ্যসচিব (Chief Secretary) হিসেবে মনোজ পন্থের (Manoj Pant) শেষ কর্মদিবস আজ, সোমবার। যদিও পরবর্তী মুখ্যসচিব কে হবেন, তা এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি। প্রশাসনিক মহলের অনুমান, সোমবার সন্ধের মধ্যেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
সূত্রের খবর, মুখ্যসচিবের পদে দৌড়ে রয়েছেন সিনিয়র আইএএস আধিকারিক বিবেক কুমার (Vivek Kumar) এবং প্রভাত মিশ্র (Prabhat Mishra)। তাঁদের অভিজ্ঞতা এবং প্রশাসনিক দক্ষতার দিক বিবেচনা করেই বেছে নেওয়া হতে পারে মনোজ পন্থের উত্তরসূরি।
তবে নবান্ন সূত্রে ইঙ্গিত, মনোজ পন্থ নিজে এক্সটেনশন (Extension) নিতে আগ্রহী নন। রাজ্য সরকারের তরফে কেন্দ্রীয় সরকারের কাছে এক্সটেনশনের আবেদন পাঠানো হলেও, এ বিষয়ে এখন পর্যন্ত দিল্লি কোনও বার্তা পাঠায়নি। ফলে নতুন মুখ্যসচিব নিয়োগ এখন সময়ের অপেক্ষা।
আরও পড়ুনঃ ‘খিদের জ্বালা সহ্য হয়নি’, নদীতে ছেলেকে ফেলে দিলেন মা
উল্লেখ্য, ২০২৪ সালের ৩১ অগস্ট মনোজ পন্থকে রাজ্যের মুখ্যসচিব হিসেবে নিযুক্ত করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তার আগে তিনি অর্থসচিব এবং সেচ দফতরের সচিবের দায়িত্ব সামলেছেন। তবে মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে তাঁকে রাজ্যের সর্বোচ্চ আমলাতান্ত্রিক পদে বসানো হয়।
মুখ্যসচিব থাকাকালীন বিভিন্ন গুরুত্বপূর্ণ পরিস্থিতি দক্ষতার সঙ্গে সামাল দিয়েছেন পন্থ। আরজি কর হাসপাতাল কাণ্ড থেকে শুরু করে ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত মামলায় তাঁর ভূমিকা উল্লেখযোগ্য। এমনকি, হাইকোর্টে ভার্চুয়াল হাজিরাও দিয়েছেন রাজ্যের পক্ষে।
মনোজ পন্থের বিদায়ের পর, নতুন মুখ্যসচিবের নাম ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে জল্পনা তুঙ্গে। এই পরিবর্তন রাজ্য প্রশাসনের উপর কতটা প্রভাব ফেলবে, তা সময়ই বলবে।
