বিশ্বের খবর
উস্কানীমূলক পোষ্টের কারণে সোশ্যাল মিডিয়ায় বন্ধ করা হল ট্রাম্পের অ্যাকাউন্ট
নিউজ ডেস্ক , ০৯ জানুয়ারী : ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট সাময়িক ভাবে ব্লক করে দিল ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রাম। @realDonaldTrump অ্যাকাউন্ট থেকে সাম্প্রতিক যেসব টুইট করা হয়েছে সেগুলো গভীরভাবে পর্যালোচনা করার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম।
ক্যাপিটল বিল্ডিংয়ে ট্রাম্প সমর্থকদের হামলার পর থেকে প্রচণ্ড চাপে ছিল টুইটার। তাদের প্ল্যাটফর্মকে ব্যবহার করে বিভিন্ন উস্কানিমূলক পোস্ট করার অভিযোগ উঠেছে আমেরিকার বিদায়ী প্রেসিডেন্টের বিরুদ্ধে। যার জেরে বুধবারই ট্রাম্পের অ্যাকাউন্ট সাময়িক ভাবে বন্ধ করে দিয়েছিল টুইটার। সেই সঙ্গে হুঁশিয়ারি দিয়েছিল ভবিষ্যতে কোনও উস্কানিমূলক পোস্ট করলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবার ট্রাম্পের অ্যাকাউন্ট খুলে দেয় টুইটার। কিন্তু ২৪ ঘণ্টার মধ্যেই তাঁর অ্যাকাউন্ট আবার বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। টুইটার কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে, নীতি ও তার প্রয়োগের ব্যাপারে স্বচ্ছ থাকতে চায় তারা। যদিও ওই অ্যাকাউন্ট বন্ধ করার পরই ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে জানান, অ্যাকাউন্ট বন্ধ করে তাঁর ও তাঁর সাড়ে সাত কোটি দেশভক্ত ভোটারের কণ্ঠরোধ করা যাবে না। অদূর ভবিষ্যতেই তিনি নিজস্ব কোনও প্ল্যাটফর্ম নিয়ে আসবেন। শীঘ্রই এব্যাপারে কোনও বড় ঘোষণা করবেন বলেও জানিয়েছেন ট্রাম্প।
