ভাইরাল খবর
নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তৃণমূলের, বিতর্ক সঙ্গী করেই বীরভূমে সিইও
ডিজিটাল ডেস্ক: পূর্ব মেদিনীপুর তথা নন্দীগ্রাম সফরের রেশ কাটতে না কাটতেই এবার বীরভূম ও মুর্শিদাবাদ সফরে বেরোলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) মনোজ কুমার আগরওয়াল। নির্বাচন কমিশন (Election Commission) সূত্রের খবর, শুক্রবার বীরভূম ও শনিবার মুর্শিদাবাদে ভোট প্রস্তুতি খতিয়ে দেখবেন তিনি। উল্লেখ্য, আগামী ২৩ এপ্রিল প্রথম দফায় এই দুই জেলাতেই বিধানসভা নির্বাচন (Assembly Election) হতে চলেছে।
সিইও দপ্তর (CEO Office) সূত্রের খবর, সফরে দুই জেলার নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠকের পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গেও কথা বলতে পারেন মনোজবাবু। তবে তাঁর এই জেলা সফর ঘিরে দানা বেঁধেছে রাজনৈতিক বিতর্ক (Political Controversy)। গত শনিবার নন্দীগ্রাম সফরে এক বিজেপি নেতার সঙ্গে মনোজ আগরওয়ালকে দেখা গিয়েছিল বলে জোরালো অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস (TMC)।
তৃণমূলের দাবি, নন্দীগ্রামের কালীচরণপুর অঞ্চলে সিইও-র পাশে যে ব্যক্তিকে দেখা গিয়েছে, তিনি বিজেপির স্থানীয় আহ্বায়ক (Convener) তপন কুমার মহাপাত্র। মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও কুণাল ঘোষ ছবি প্রকাশ করে দাবি করেছেন, ওই ব্যক্তি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অত্যন্ত ঘনিষ্ঠ। এই ঘটনার প্রেক্ষিতে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে জোড়াফুল শিবির। রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন লিখিত অভিযোগে জানিয়েছেন, সিইও-র এই আচরণ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিপন্থী এবং এটি ‘দুর্নীতিমূলক’ (Corrupt Practice) আচরণের পর্যায়ে পড়ে। এই উত্তপ্ত আবহে বীরভূম ও মুর্শিদাবাদ সফরে সিইও-র ভূমিকা কী হয়, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।


