দুর্ঘটনা
মর্মান্তিক সেতু দুর্ঘটনা! গম্ভীরা ব্রিজ ভেঙে পড়ল, ৭ মৃত, ট্যাঙ্কার ঝুলছে নদীর ওপর
ডিজিটাল ডেস্কঃ ভদোদরায় (Vadodara) বুধবার সকালে ঘটে গেল এক মর্মান্তিক সেতু দুর্ঘটনা, যার ভয়াবহতা রীতিমতো শিউরে ওঠার মতো। মহিসাগর নদীর (Mahisagar River) ওপর থাকা ৪৫ বছর পুরনো গম্ভীরা ব্রিজ (Gambhira Bridge) হঠাৎ মাঝ বরাবর ভেঙে পড়ে। ব্রিজের উপর দিয়ে যাওয়ার সময় অন্তত পাঁচটি গাড়ি হুড়মুড়িয়ে নিচে নদীতে পড়ে যায়। ঘটনায় এখনও পর্যন্ত সাতজনের মৃত্যু নিশ্চিত হয়েছে, আহত হয়েছেন কমপক্ষে তিনজন।
স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, প্রতিদিন এই ব্রিজের উপর দিয়ে ভারী ট্রাক, ট্যাঙ্কার সহ বহু যানবাহন চলাচল করে। বুধবার সকাল সাড়ে সাতটা নাগাদ আচমকাই ব্রিজের একটি বড় অংশ ধসে পড়ে। মুহূর্তে চিৎকার, আর্তনাদ আর ধোঁয়ায় ছেয়ে যায় গোটা এলাকা। একাধিক গাড়ি নদীতে তলিয়ে যায়।
আরও পড়ুনঃ বাম নেতাকে রাস্তায় চড় মারলেন আইসি! গ্রেফতারে ফুঁসে উঠল বংশীহারী
সবচেয়ে ভয়ঙ্কর ছবি—একটি বিশাল ট্যাঙ্কার ব্রিজের ভাঙা অংশে ঝুলতে দেখা গেছে। যে কোনও মুহূর্তে সেটিও নদীতে পড়ে যেতে পারে বলে আশঙ্কা। নদীতে ভেসে যাওয়া মানুষদের খোঁজে শুরু হয়েছে জোর তল্লাশি।
ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় ভদোদরা থানার পুলিশ, দমকল ও স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স (SDRF)। নদী থেকে এখন পর্যন্ত সাতটি দেহ উদ্ধার করা হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
ব্রিজ ভেঙে পড়ার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। তবে প্রশাসনের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। গম্ভীরা ব্রিজের স্বাস্থ্য পরীক্ষার নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে।
এক আধিকারিক জানান, “এই ব্রিজ বহু বছর ধরে ভারী ট্রাফিকের চাপে ছিল। রক্ষণাবেক্ষণের কোনও নির্দিষ্ট নজরদারি ছিল কিনা, তা খতিয়ে দেখা হবে।”
এই ভয়াবহ বিপর্যয়ে শোকস্তব্ধ গোটা ভদোদরা। স্থানীয় বাসিন্দারা বলছেন, “এটা দুর্ঘটনা নয়, প্রশাসনিক অবহেলার খেসারত।”
