বিনোদন
বাকস্বাধীনতার দাবীতে কলকাতার রাজপথে টলিপাড়া
নিউজ ডেস্ক , ২৫ জানুয়ারী : বাকস্বাধীনতার দাবীতে পথে নামতে চলেছে টলিপাড়া। সোমবার দুপুর ৩টে নাগাদ মেট্রো চ্যানেলে প্রতিবাদ সভার আয়োজন করেছেন তারকারা। থাকছে না কোনও রাজনৈতিক রং। অনলাইনে ক্রমাগত ধর্ষণ ও খুনের হুমকি পেতে পেতে বিধ্বস্ত শিল্পীদের কিছু অংশ।
বাংলার মাটিতে সেই হুমকির বিরুদ্ধে সোচ্চার হতে পদক্ষেপ নিতে চলেছেন বিশিষ্টজনেরা। এদিনের সভার নাম দেওয়া হয়েছে, “এ কোন সকাল, রাতের চেয়েও অন্ধকার।” পোস্টারের মধ্যে তুলে ধরা হয়েছে সভার বক্তব্য। পোস্টারে ক্রন্দনরত এক মহিলার ছবি আঁকা। ছবির নীচে একটি পরিচ্ছেদে প্রকাশিত হয়েছে প্রতিবাদীদের অভিব্যক্তি। সম্প্রতি টলি অভিনেত্রী দেবলীনা দত্ত, সায়নী ঘোষ থেকে শুরু করে সুরকার ও পরিচালক অনিন্দ্য চট্টোপাধ্যায়কে একাধিক হুমকির মুখে পড়তে হয়েছে। তাঁরা নিজেদের মত প্রকাশ করে বিক্ষোভের মুখে পড়েছেন। আর তার পর থেকেই ধর্ষণের হুমকিতে জর্জরিত টলি অভিনেত্রীরা।
পরিচালক রাজ চক্রবর্তী, অভিনেত্রী সায়নী ঘোষ, দেবলীনা দত্ত ছাড়াও মহিলা কমিশনের অধ্যক্ষা লীনা গঙ্গোপাধ্যায়, অভিনেতা কৌশিক সেন, ঋদ্ধি সেনের মতো বিশিষ্টজনেদের পাশাপাশি সাধারণ মানুষও যোগ দেবেন এদিনের প্রতিবাদ সভায়।
