রাজ্যের খবর
ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল গোটা এলাকা, শুরু রাজনৈতিক চাপানউতর
নিউজ ডেস্ক, ০৬ মার্চ :নির্বাচনের পূর্বে তীব্র বোমা বিস্ফোরণে কেঁপে উঠল গোটা এলাকা। শুক্রবার রাতে ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে দক্ষিণ ২৪ পরগনার গোসাবার বাদামতলা এলাকায়। বিস্ফোরণের তীব্রতায় আহত হয়েছেন ৬ বিজেপি কর্মী।
আহতদের উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজনের হাতের কবজির একাংশ উড়ে গিয়েছে। তাঁদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।প্রাথমিকভাবে পুলিশের অনুমান, বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণের ঘটনা ঘটে। যদিও স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, তাদের নেতাদের লক্ষ্য করে বোমা ছুড়েছে তৃণমূল কংগ্রেসের লোকজন। যদিও এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে শাসক দল।আহতদের পরিবারের সদস্যদের অভিযোগ, নিমন্ত্রণ বাড়ি থেকে ফেরার সময় তাঁদের লক্ষ্য করে বোমা ছোঁড়ে দুষ্কৃতীরা। আরও অভিযোগ, তাঁরা বিজেপি করেন বলেই এই হামলা চালিয়েছে তৃণমূল আশ্রিত দুস্কৃতিরা। যদিও এই অভিযোগ সরাসরি অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। তাদের পাল্টা দাবি, ভোটের আগে এলাকায় সন্ত্রাস ছড়ানোর জন্যই বোমা বানাচ্ছিল বিজেপির লোকজন। সেই সময়ই হয়েছে এই বিস্ফোরণ।খবর পেয়েই ঘটনাস্থলে আসে গোসাবা থানার পুলিশ। যে বাড়িটিতে বিস্ফোরণ হয়েছিল, তা চার দিক ঘিরে রেখে বম্ব স্কোয়াডে খবর দেওয়া হয়। এলাকায় উত্তেজনা থাকায় বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে আসল দোষীকে চিহ্নিত করার আশ্বাস দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।
