ভোটযুদ্ধে সামিল হতে চূড়ান্ত ব্যস্ততা ডিসিআরসিতে, যদিও স্বল্প পরিসরে লঙ্ঘিত সামাজিক দূরত্ববিধি
Connect with us

মালদা

ভোটযুদ্ধে সামিল হতে চূড়ান্ত ব্যস্ততা ডিসিআরসিতে, যদিও স্বল্প পরিসরে লঙ্ঘিত সামাজিক দূরত্ববিধি

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা, মালদা, ২৫ এপ্রিল: ২৬শে এপ্রিল সপ্তম দফায় ভোট হবে মালদা জেলার ছ’টি বিধানসভা আসনে। উত্তর মালদার এই ছ’টি বিধানসভা আসন হল হবিবপুর, গাজোল, চাঁচোল, হরিশ্চন্দ্রপুর, মালতিপুর ও রতুয়া। এই ৬টি বিধানসভা কেন্দ্রে মোট বুথের সংখ্যা- ২১৫৭টি। সর্বমোট ভোট কর্মীর সংখ্যা- ৯৫২৮।

ভোটকর্মীদের সুবিধার্থে তিনটি ডিসিআরসি খোলা হয়েছে। চাঁচল মহকুমায় ২টি ও মালদা ১টি ডিসিআরসি খোলা হয়েছে। চাঁচোল মহকুমায় চাঁচোলে সিদ্ধেশ্বরী ইনস্টিটিউট ও চাঁচোল কলেজে ডিসিআরসি খোলা হয়েছে এবং মালদা সদরে পলিটেকনিক কলেজে খোলা হয়েছে ডিসিআরসি। ইভিএম, ভিভিপ্যাট মেশিন সমেত ভোটের যাবতীয় উপকরণ ভোটকর্মীদের বুঝিয়ে দিতে ডিসিআরসিগুলিতে চলছে একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি। পুরুষ ভোট কর্মীর পাশাপাশি রয়েছেন মহিলা ভোট কর্মীরাও। বর্তমান কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে সব ভোট কর্মীদের জন্য মাস্ক, স্যানিটাইজার, ডিসপোজেবল গ্লাভস, থার্মাল গান দেওয়া হচ্ছে। নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে জেলায় প্রায় ১১৩ কোম্পানি আধা সামরিক বাহিনী মোতায়েন করা হচ্ছে। ইতিমধ্যেই তাদের বুথে বুথে পাঠানোর ব্যবস্থাও করা হয়েছে। অন্যদিকে হরিশ্চন্দ্রপুর, মালতিপুর ও চাঁচল বিধানসভা কেন্দ্রের ডিসিআরসি করা হয়েছে চাঁচলের সিদ্ধেশ্বরী ইনস্টিটিউটে। করোনা আবহে নির্বাচনের জন্য বেশকিছু নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন। তবে নির্বাচন কমিশনের সমস্ত নির্দেশিকা উপেক্ষা করে চলছে ভোট গ্রহণের সামগ্রী বিলি। বেশির ভাগ ভোট কর্মীদের মুখে মাস্ক দেখা গেলেও গোটা এলাকায় কোথাও সামাজিক দূরত্ব বজায় রাখতে দেখা যায়নি। বরং পাশাপাশি দাঁড়িয়ে থেকে ইভিএম সংগ্রহ করতে দেখা গেছে কর্মীদের। ভোট কর্মীদের দাবি, অল্প জায়গায় এত সংখ্যক ভোটকর্মী হওয়ায় সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব হচ্ছে না। ডিসিআরসি কেন্দ্রে এই পরিস্থিতি দেখে সংক্রমিত হওয়ার আতঙ্কে ভুগছেন ভোটকর্মীরা।