রাজ্যের খবর
অবস্থা সঙ্কটজনক, অনশনরত চাকরিহারা শিক্ষক চিন্ময় মণ্ডল হাসপাতালে ভর্তি
ডিজিটাল ডেস্কঃ আন্দোলনের ময়দানেই অসুস্থ হয়ে পড়লেন আরও এক চাকরিহারা শিক্ষক। বিকাশ ভবনের (Bikash Bhavan) সামনে অনশনে বসা চাকরিহারা শিক্ষকদের অন্যতম মুখ চিন্ময় মণ্ডল (Chinmoy Mondal) রবিবার শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। তাঁকে দ্রুত কলকাতার এনআরএস হাসপাতালে (NRS Hospital) নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য।
এর আগে এদিন সকালেই অনশনরত বলরাম বিশ্বাস (Balram Biswas) গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন। তাঁকে তড়িঘড়ি আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে (RG Kar Hospital) ভর্তি করা হয়। জানা গিয়েছে, চিন্ময় এবং বলরাম— দু’জনেই চাকরিহারা শিক্ষকদের পক্ষে নেতৃত্ব দিচ্ছিলেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরণ অনশন চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছিলেন।
আরও পড়ুনঃ ইরানকে ‘সাপের খোলস’ বলল ইজরায়েল, হামলার হুঁশিয়ারি প্রতিরক্ষামন্ত্রীর
বৃহস্পতিবার রাত থেকে বিকাশ ভবনের বিপরীতে আমরণ অনশনে বসেছেন চাকরিহারা ১০ জন শিক্ষক (SSC Job Deprived Teachers)। তাঁদের প্রধান দাবি, অবিলম্বে যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ এবং স্কুলে ফেরার পথ খুলে দেওয়া। এই নিয়ে অনশনের তৃতীয় দিনে শারীরিক পরিস্থিতির অবনতি ঘটতে শুরু করেছে।
শনিবার রাতে মেডিক্যাল সার্ভিস সেন্টারের চিকিৎসকরা (Medical Service Centre Doctors) অনশনস্থলে এসে শিক্ষকদের শারীরিক পরীক্ষা করেন এবং তাঁদের অনশন প্রত্যাহারের অনুরোধ করেন। যদিও অনশনকারীরা অনড়। তাঁদের স্পষ্ট বক্তব্য, “আমাদের যোগ্যতার চাকরি আমরা ফিরে পাবই। দাবির জবাব না পাওয়া পর্যন্ত আমরা এখান থেকে উঠব না।”
চাকরিহারা শিক্ষকদের দাবির জেরে নতুন করে চাপের মুখে পড়েছে শিক্ষা দফতর। আন্দোলনের গতিবিধির দিকে এখন সবার নজর।
