অভিভাবকদের আবেদনে সাড়া হাইকোর্টের, ২০ শতাংশ ফি মকুব বেসরকারি স্কুলের
Connect with us

রাজ্যের খবর

অভিভাবকদের আবেদনে সাড়া হাইকোর্টের, ২০ শতাংশ ফি মকুব বেসরকারি স্কুলের

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক  , ১৪ অক্টোবর :   করোনা এবং টানা লকডাউনের জেরে মানুষ অনেক সমস্যার সম্মুখীন হয়েছেন। করোনা আবহের জেরে টানা আটমাস বন্ধ রয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। পড়াশোনা চলছে অনলাইনে। কিন্তু বেসরকারি স্কুলগুলিতে নিয়মমাফিক গুনতে হচ্ছে ফি। যা জোগান দিতে হিমসিম খাচ্ছিলেন অভিভাবকরা। তবে অবশেষে স্বস্তি পেলেন অভিভাবকরা।

রাজ্যের বেসরকারি স্কুলগুলিতে ২০ শতাংশ ফি কমানোর নির্দেশ দিলো কলকাতা হাইকোর্ট। উল্লেখ্য, লকডাউনের জেরে বেসামাল অর্থনীতি। কেও কাজ হারিয়েছেন আবার কেও হাফ বেতন পাচ্ছেন। যার দরুন স্কুলের ফি দিতে নাজেহাল অবস্থা অভিভাবকদের। স্কুলের ফি কম করতে বারবার স্কুলে আবেদন জানান অভিভাবকরা। তবে তাদের অনুরোধে কার্যত কর্ণপাত করেনি স্কুল কর্তৃপক্ষ। তাদের অভিযোগ, স্কুল বন্ধ থাকলেও বেতনে কোনওরকম কাটছাঁট করেনি স্কুল কর্তৃপক্ষ। স্কুল কর্তৃপক্ষের থেকে কোনও আশানুরূপ ফল না মেলায় অবশেষে কোর্টের দ্বারস্থ হন অভিভাবকেরা। এবার তাদের সেই আবেদনে সাড়া দিল কলকাতা হাইকোর্ট।

স্কুলের ফি ২০ শতাংশ কমানোর নির্দেশ দিল আদালত। পাশাপাশি মকুব করা হল নন-অ্যাকাডেমিক ফিও। হাইকোর্টের বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের নির্দেশ অনুযায়ী, বেসরকারি স্কুলের ২০ শতাংশ ফি মকুব করার পরও যেসব অভিভাবকরা বাকি ৮০ শতাংশ ফি দিতে অসুবিধায় পড়বেন, তাদের আবেদন খতিয়ে দেখবে তিন সদস্যের একটি কমিটি। আবেদনপত্র খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবেন কমিটির সদস্যরা। ৩১ ডিসেম্বরের মধ্যে এনিয়ে সিদ্ধান্ত নেওয়ার সময়সীমা ঠিক করে দিয়েছে আদালত।