মালদা
স্বামীর জুয়াখেলার প্রতিবাদ করায় উদ্ধার গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ
নিজস্ব সংবাদদাতা, মালদা, ২ জুন : এক গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ইংরেজবাজার থানার বাগবাড়ি বাঁধ এলাকায়।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত গৃহবধূর নাম সুন্দরী মন্ডল। লকডাউন পরিস্থিতিতে ভিন রাজ্য থেকে ফিরে এসেছিল ওই গৃহবধূর স্বামী কৃষ্ণ মন্ডল।
এরপর অগ্রিম দাদনের টাকা নিয়েও সে কাজে ফেরেনি।স্বামীকে কাজে পাঠানোর জন্য স্ত্রীকে চাপ দিত ঠিকাদার সংস্থা। এই নিয়েই পরিবারে কয়েকদিন ধরেই বিবাদ চলে আসছিল। মঙ্গলবার রাতে এনিয়ে বচসা শুরু হলে স্ত্রীকে মারধোর করে বাড়ি থেকে বেরিয়ে যায় স্বামী কৃষ্ণ মন্ডল। এরপরেই বুধবার সকালে এলাকার আমবাগান থেকে ওই গৃহবধূর অর্ধনগ্ন ঝুলন্ত দেহ দেখতে পায় স্থানীয়রা। তার বৌদি শিপ্রা মন্ডল জানিয়েছেন, জুয়াখেলা নিয়ে তাদের স্বামী স্ত্রীর মধ্যে প্রায়শই গন্ডগোল হত। মঙ্গলবার জুয়া খেলায় ১৬হাজার টাকা হেরেও যায় সে। এনিয়ে প্রতিবাদ করেছিল আমার জা সুন্দরী। সেজন্য মঙ্গলবার রাতে বাড়ির বাইরে এনে মারধোরও করে। এমনকী সে ভিনরাজ্যে যাওয়ার জন্য ঠিকাদারদের কাছ থেকে দাদন নিয়েও কাজে যায়নি।সেজন্য ঠিকাদারের লোকেরা জা কে চাপ দিত। এনিয়েও মঙ্গলবার অশান্তি লাগে। সেসময় জাকে মারধোর করে দেওর কৃষ্ণ মন্ডল চলে যায়। এরপরেই বুধবার সকালে বাড়ি থেকে বেশ কিছুটা দূরের আমবাগানে জা সুন্দরী মন্ডলের দেহ ঝুলতে দেখা যায়। খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। যদিও এটি খুন না আত্মহত্যা তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
