দেশের খবর
তামিলনাড়ুতে ‘থালাপতি’ ম্যাজিক! DMK-এআইএডিএমকে-কে পিছনে ফেলে জয়ের পথে বিজয়
ডিজিটাল ডেস্কঃ তামিলনাড়ুর (Tamil Nadu) রাজনীতিতে এক ঐতিহাসিক পরিবর্তনের ইঙ্গিত মিলছে। ২০২৬ বিধানসভা নির্বাচনের ভোট গণনায় (Counting) সবাইকে চমকে দিয়ে ম্যাজিক ফিগার ১১৮ অতিক্রম করে ফেলেছে অভিনেতা থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেট্রি কাঝহাগাম (TVK)। প্রাথমিক ট্রেন্ড (Primary trend) অনুযায়ী, ১০৬টিরও বেশি আসনে এগিয়ে থেকে একক সংখ্যাগরিষ্ঠতার (Absolute majority) পথে এগোচ্ছে বিজয়।
অন্যদিকে, রাজ্যে শাসকদল দ্রাবিড় মুন্নেত্রা কাজাগাম (DMK)-এর অবস্থা শোচনীয়। মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন (M.K. Stalin) নিজের খাসতালুক কোলাথুর আসনেই পিছিয়ে পড়েছেন। সেখানে টিভিকে নেতা ভি এস বাবু ‘জায়ান্ট কিলার’ (Giant killer) হিসেবে উঠে এসেছেন। এআইএডিএমকে (AIADMK) ৭২টি আসনে এগিয়ে দ্বিতীয় স্থানে থাকলেও, স্ট্যালিনের দল ৪০টি আসন নিয়ে তৃতীয় স্থানে নেমে গিয়েছে। অভিনেতা বিজয় নিজে পেরাম্বুর ও তিরুচিরাপল্লি পূর্ব— এই দুই আসনেই লিড (Lead) বজায় রেখেছেন।
টিভিকে নেতা ফেলিক্স জেরাল্ড সাফ জানিয়ে দিয়েছেন, তাঁরা কারও সমর্থন (Support) ছাড়াই সরকার গড়বেন। গত বছর কারুর সমাবেশে পদপিষ্ট হওয়ার ঘটনা এবং সিবিআই (CBI) তদন্তের চাপ সামলে বিজয়ের এই জয়কে অভাবনীয় মনে করছে রাজনৈতিক মহল। চেন্নাইয়ে বিজয়ের বাড়ির সামনে এবং দলের সদর দপ্তরে মিষ্টি বিলি ও বিজয়োৎসব (Victory celebration) শুরু করে দিয়েছেন কর্মী-সমর্থকরা। যদিও চূড়ান্ত ফলাফলের (Final result) জন্য আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, তবে থালাপতি বিজয় যে তামিলভূমের পরবর্তী মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে, তা বলাই বাহুল্য।


