রাজনীতি
শুভেন্দুর পা ছুঁয়ে প্রণাম সুনীল সিংয়ের, হাতে পদ্ম! ছাব্বিশের আগে দলবদলের ইঙ্গিত?
Digital Desk: রাজনৈতিক অঙ্গনে ফের উষ্ণ জল্পনা। গারুলিয়ায় (Garulia) দেখা গেল এক অনন্য দৃশ্য—বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) পা ছুঁয়ে প্রণাম করছেন নোয়াপাড়ার প্রাক্তন তৃণমূল (TMC) বিধায়ক সুনীল সিং (Sunil Singh)। তারপর শুভেন্দুর হাত থেকে পদ্মফুল (Lotus) গ্রহণ করলেন তিনি। আর এতেই চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে—ছাব্বিশের (2026) বিধানসভা নির্বাচনের আগেই কি তবে ‘ঘরওয়াপসি’ ঘটাতে চলেছেন অর্জুন সিংয়ের (Arjun Singh) আত্মীয়?
উল্লেখ্য, ২০২২ সালের পুরভোটে (Municipal Election) বিজেপির (BJP) প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছিলেন সুনীল সিং। কিন্তু শেষদিনে মনোনয়ন প্রত্যাহার করে তৃণমূলে যোগ দেন অর্জুন সিংয়ের ভগ্নীপতি তথা প্রাক্তন বিধায়ক। কিছুদিন শাসকদলের হয়ে সক্রিয়ভাবে কাজ করলেও, গত লোকসভা ভোটে অর্জুন সিং বিজেপির প্রার্থী হওয়ায় সুনীলের তৃণমূলে কার্যত ভূমিকা কমতে শুরু করে। তখন থেকেই শুরু হয় তাঁর বিজেপিতে ফেরার সম্ভাবনা নিয়ে জল্পনা।
এরই মাঝে শুভেন্দু অধিকারীর সঙ্গে তাঁর সাক্ষাৎ সেই গুঞ্জন আরও জোরদার করেছে। সূত্র অনুযায়ী, গারুলিয়ার আজাদ হিন্দ ময়দানে (Azad Hind Maidan) ছট পুজো (Chhath Puja) উপলক্ষে ব্রতীদের পুজো সামগ্রী দিতে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। অনুষ্ঠান শেষে ফেরার পথে গারুলিয়া পুরসভা সংলগ্ন রাস্তায় দাঁড়িয়ে ছিলেন সুনীল সিং। শুভেন্দু তাঁকে দেখে গাড়ি থামান। মুহূর্তের মধ্যেই সুনীল এগিয়ে গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। শুভেন্দু গাড়ির দরজা খুলে দিলে প্রাক্তন বিধায়ক তাঁর পায়ে হাত দিয়ে প্রণাম জানান। বিরোধী দলনেতা স্নেহের সঙ্গে তাঁকে জড়িয়ে ধরে হাতে দেন পদ্মফুল।
এই সৌজন্য সাক্ষাৎকেই অনেকে রাজনৈতিক বার্তা বলে দেখছেন। যদিও সুনীল সিং দাবি করেছেন, “আমি বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলাম। শুভেন্দু অধিকারী আমাকে দেখে গাড়ি থামান। বিধানসভায় আমরা একসঙ্গে ছিলাম। তাই কৃতজ্ঞতা ও সম্মান জানাতে পায়ে হাত দিয়েছি। এর বাইরে কোনও রাজনৈতিক কথা হয়নি।”
ঘটনাটি নিয়ে তৃণমূলের বারাকপুর (Barrackpore) সাংসদ পার্থ ভৌমিক (Partha Bhowmik) বলেন, “গারুলিয়ার মানুষ সব জানে—গত লোকসভা ভোটে কে তৃণমূল করেছে, কে করেনি।”
তবে রাজনৈতিক মহলের অভিমত, শুভেন্দু–সুনীলের এই ‘পদ্ম-প্রণাম’ দৃশ্য ছাব্বিশের আগে এক বড় বার্তা বহন করছে বলেই ইঙ্গিত মিলছে।


