দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করতে শ্রীলঙ্কা সফরে প্রধানমন্ত্রী মোদী
Connect with us

রাজনীতি

দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করতে শ্রীলঙ্কা সফরে প্রধানমন্ত্রী মোদী

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ থাইল্যান্ড সফর শেষে এবার তিন দিনের শ্রীলঙ্কা সফরে পৌঁছলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বঙ্গোপসাগরীয় সহযোগিতা সংস্থা BIMSTEC-এর সম্মেলনে অংশ নেওয়ার পর শুক্রবার সন্ধ্যায় কলম্বোতে অবতরণ করেন তিনি। এই সফরের মূল লক্ষ্য—দুই প্রতিবেশী দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও গভীর করা, বিশেষত জ্বালানি, প্রতিরক্ষা, ডিজিটাল রূপান্তর এবং বাণিজ্য সংযোগের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে।

শ্রীলঙ্কার সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন ও অর্থনৈতিক সংকটের পর এবারই প্রথম দেশটিতে পা রাখলেন ভারতের প্রধানমন্ত্রী। উল্লেখযোগ্যভাবে, ২০২২ সালে শ্রীলঙ্কার আর্থিক দুর্দশার সময়ে ভারত প্রায় ৪.৫ বিলিয়ন মার্কিন ডলার আর্থিক সহায়তা দিয়ে পাশে দাঁড়িয়েছিল। কলম্বোতে মোদীর আগমন উপলক্ষে ছিল বিশেষ আয়োজন। ভারতীয় সময় রাত ৯টা নাগাদ তাঁর বিমান অবতরণ করে, যেখানে শ্রীলঙ্কার ছয়জন কেন্দ্রীয় মন্ত্রী উপস্থিত থেকে তাঁকে স্বাগত জানান। উপস্থিত ছিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ভিজিথা হেরাথ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ক্রিশান্থা আবেসেনা, শ্রমমন্ত্রী অনিল জয়ন্ত, মৎস্যমন্ত্রী রামলিঙ্গম চন্দ্রশেখর, স্বাস্থ্য ও গণমাধ্যম মন্ত্রী নালিন্দা জয়তিসা এবং মহিলা ও শিশু কল্যাণমন্ত্রী সরোজা সাবিত্রী পৌলরাজ।

আরও পড়ুনঃ ওয়াকফ বিল পাশের বিরোধিতা! নওসাদকে আইনি নোটিশ পাঠালেন অভিষেক

কলম্বোয় অবতরণের পর প্রধানমন্ত্রী মোদী তাঁর এক্স (পূর্বতন টুইটার) হ্যান্ডেলে লেখেন, “এইমাত্র কলম্বোতে পৌঁছলাম। বিমানবন্দরে যাঁরা অভ্যর্থনা জানিয়েছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞ। শ্রীলঙ্কার কর্মসূচি নিয়ে আশাবাদী।” শনিবার ৫ এপ্রিল শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমারা দিসানায়েকের সঙ্গে তাঁর একটি গুরুত্বপূর্ণ বৈঠক নির্ধারিত রয়েছে। সেখানেই প্রতিরক্ষা সহযোগিতা, জ্বালানি নিরাপত্তা এবং ডিজিটালাইজেশন—এই তিনটি ক্ষেত্রে গভীরতর অংশীদারিত্ব গড়ার বিষয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে।

Advertisement
ads

Continue Reading
Advertisement