রাজনীতি
SIR নোটিস ঘিরে তোলপাড়! AI দিয়ে তৃণমূল সমর্থকদের বাদ দেওয়ার অভিযোগ দেবাংশুর
ডিজিটাল ডেস্কঃ এসআইআর (SIR – Special Intensive Revision) শুনানির নোটিস ঘিরে রাজ্য রাজনীতিতে উত্তেজনা আরও বাড়ল। অভিনেতা-সাংসদ দেব (Dev) ও প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তী(Mimi Chakraborty), শশী পাঁজার পর এবার নোটিস গেল তৃণমূল কংগ্রেসের আইটি সেল (IT Cell) প্রধান দেবাংশু ভট্টাচার্যের (Debangshu Bhattacharya) কাছেও। নোটিস পেয়েই ক্ষোভে ফেটে পড়েছেন এই তৃণমূল নেতা।
দেবাংশুর অভিযোগ, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI – Artificial Intelligence) ব্যবহার করে তৃণমূল সমর্থকদের প্রোফাইল ট্র্যাক করা হচ্ছে। তাঁর দাবি, “AI দিয়ে তৃণমূল সমর্থকদের চিহ্নিত করে সেই তালিকা বিজেপি (BJP) নির্বাচন কমিশনের (Election Commission) হাতে তুলে দিচ্ছে। উদ্দেশ্য একটাই—ভোটার তালিকা (Voter List) থেকে তৃণমূল সমর্থকদের বাদ দেওয়া।”
দেবাংশু জানান, তাঁকে ২৭ জানুয়ারি শুনানিতে হাজির হতে বলা হয়েছে। শুধু তিনি নন, তাঁর পরিবারের আরও তিনজন সদস্যও নোটিস পেয়েছেন। তাঁর কথায়, “আমাদের পরিবারের প্রত্যেকেরই ২০০২ সালের ভোটার তালিকায় নাম ছিল। প্রোজেনি ম্যাপিং (Progeny Mapping) অনুযায়ী আমরা পাশ করেছি। লজিক্যাল ডিসক্রেপেন্সি (Logical Discrepancy)-র কোনও প্রশ্নই নেই।”
তবুও নোটিস পাঠানো নিয়ে প্রশ্ন তুলে দেবাংশু দাবি করেন, বেশিরভাগ ক্ষেত্রেই তৃণমূল সমর্থকরাই এই নোটিস পাচ্ছেন। তাঁর অভিযোগ, “১০ জনে নোটিস গেলে ৮ জনই তৃণমূলের। এটা পরিকল্পিত চক্রান্ত।” এই ইস্যুতে ইতিমধ্যেই সুর চড়িয়েছে তৃণমূল নেতৃত্ব, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee)।
