রাজ্যের খবর
ঘোরতোর সংকটে সিদ্দিকির দল আই এস এফ
নিউজ ডেস্ক, ১৭ মার্চ: প্রথম দফা ভোটের আর বেশিদিন বাকী নেই। আর তারই মধ্যে নয়া সংকটে আব্বাস সিদ্দিকির নতুন দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (Indian Secular Front)। সূত্রের খবর, এখনও সরকারিভাবে দলের রেজিস্ট্রেশন না হওয়ায় বিহারের একটি দলের প্রতীক এবং নামে প্রার্থী দাঁড় করাতে হচ্ছে ফুরফুরা শরিফের পিরজাদাকে।
ফলে বাংলার নির্বাচনে নিজেদের নাম বা প্রতীক কোনওটাতেই লড়তে পারছেন না আব্বাস। উল্লেখ্য গত ২১ ফেব্রুয়ারি কলকাতা প্রেস ক্লাবে আত্মপ্রকাশ করে আব্বাসের দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। তারপর নির্বাচন কমিশনে আবেদন করা হয় রেজিস্ট্রেশনের জন্য। কিন্তু এখনও আব্বাসের (Abbas Siddiqui) দল রেজিস্ট্রেশন পায়নি। খাতায় কলমে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রতীক ‘খাম’ হলেও, সেটি আসলে তাঁদের নিজস্ব প্রতীক নয়। এমনকী আইএসএফ প্রার্থীরা নিজের দলের নামে মনোনয়নও পেশ করেননি। আসলে নির্বাচন কমিশন এখনও আব্বাসের দলকে সরকারিভাবে কোনও প্রতীক দেয়নি। তাই একপ্রকার বাধ্য হয়েই বিহারের একটি দল ‘রাষ্ট্রীয় সেকুলার মজলিশ পার্টি’র নাম এবং প্রতীক ধার করতে হয়েছে আইএসএফকে। এই ‘রাষ্ট্রীয় সেকুলার মজলিশ পার্টি’র (Indian Secular Majlis Party) হয়েই মনোনয়ন করেছেন আইএসএফ প্রার্থীরা। যার ফলে বাংলার নির্বাচনে আইএসএফ প্রার্থীরা লড়বেন ‘রাষ্ট্রীয় সেকুলার মজলিশ পার্টির’ নামেই। তবে অন্য দলের প্রতীক কি আদৌ ব্যবহার সম্ভব? আইএসএফ শীর্ষ নেতাদের দাবি, তাঁদের দলের সঙ্গে বিহারের ওই দলটির জোট রয়েছে। তাই জোটসঙ্গীদের প্রতীক এবং নাম ব্যবহারে কোনও বাধা নেই।
