রাজনীতি
শুভেন্দুর ওপর হামলা! রাজ্য জুড়ে পথ-অবরোধে সামিল বিজেপি নেতৃত্ব
নিউজ ডেস্ক: বারুইপুরে শুভেন্দু অধিকারীর উপর হামলার অভিযোগ, এনিয়ে ফের বৃহস্পতিবার উত্তাল হল রাজ্য বিধানসভা। গতকাল স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা বারুইপুরে শুভেন্দু অধিকারীর উপর তৃণমূলের কয়েকজন লোক হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে বিজেপি নেতৃত্ব। ঢুকতে বাধা দেওয়া হয়েছে বিরোধী দলনেতাকে।
শুভেন্দুকে কালো পতাকা দেখানো হয়েছে বলে অভিযোগ। সেই সঙ্গে রাস্তার দুপাশে তৃণমূল লোক জড়ো করে গো ব্যাক স্লোগান দিয়েছে বলেও অভিযোগ। তৃণমূলীদের হাতে মোটা মোটা বাটাম, লোহার রড, কাটা বাঁশ, পাথর-ইট এবং জলের বোতলে লঙ্কা গুঁড়ো মেশানো ছিল।
বারুইপুরে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর হামলার অভিযোগে উত্তাল বিধানসভা। আজ বৃহস্পতিবার ফের ওয়াকআউট করলেন বিজেপি বিধায়করা। শুধু তাই নয়, বিধানসভার বাইরে মূল গেটের সামনে প্রতিবাদও দেখান বিজেপি বিধায়করা। প্রতিবাদ-বিক্ষোভে উপস্থিত ছিলেন বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল, বিধায়ক শংকর ঘোষ-সহ অন্যান্য বিধায়করা। এবার এই ঘটনার আঁচ গিয়ে পড়লো রাজ্যের বিভিন্ন প্রান্তে। জায়গায় জায়গায় পথ-অবরোধে সামিল হলেন বিজেপি নেতা-কর্মীরা।
আরও পড়ুন – বারুইপুরে শুভেন্দুর উপর হামলা! বিধানসভায় ওয়াকআউট বিজেপি বিধায়কদের
বারুইপুরে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর হামলার প্রতিবাদে হেমতাবাদে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাল বিজেপি নেতৃত্ব। বৃহস্পতিবার বিকালে হেমতাবাদে বিজেপির দলীয় কার্যালয়ের সামনে কিছুক্ষনের জন্য রাজ্য সড়ক অবরোধ করা হয়। সেই সাথে রাজ্য জুড়ে বিজেপির কার্যকর্তাদের পুলিসি হয়রানির অভিযোগ তুলে বিক্ষোভ দেখানো হয়৷ কালো কাপর হাতে নিয়ে বিক্ষোভ করেন বিজেপি নেতৃত্ব৷
বিজেপির জেলা সহ সভাপতি ভানুরাম বর্মন, বিজেপির হেমতাবাদ মন্ডল সভাপতি বিপ্লব সরকার সহ অন্যরা উপস্থিত ছিলেন এই কর্মসূচি তে।
অন্যদিকে, বিজেপির বিক্ষোভ কর্মসূচি ঘিরে উত্তেজনা ছড়াল গাজোলের বামনগোলা মোড় ৫১২ নম্বর জাতীয় সড়ক এলাকায়৷ বারুইপুর কান্ডের প্রতিবাদে এদিন বামনগোলা মোড় এলাকায় অবরোধ করে গাজোল ব্লক বিজেপির নেতৃত্ব। কিন্তু গাজোল থানার পুলিশ প্রশাসন রাস্তা অবরোধ তুলতে গেলে বাক বিতর্কের সৃষ্টি হয় বিজেপি কর্মীদের সঙ্গে। যদিও পুলিশি বাধা বিপত্তিকে উড়িয়ে দিয়ে তারা রাস্তা অবরোধ চালিয়ে যান৷ প্রায় আধ ঘন্টা পর রাস্তা অবরোধ প্রত্যাহার করে নেন বিজেপি নেতৃত্ব।
আরও পড়ুন – সাতদিনের লন্ডন সফরে মমতা! দল সামলাবেন কারা? জানালেন নাম
