খেলার খবর
আচমকাই অসুস্থ শুভমান গিল, দলীপ ট্রফিতে অনিশ্চিত অংশগ্রহণ
Digital Desk: আচমকাই অসুস্থ হয়ে পড়েছেন টিম ইন্ডিয়ার তারকা ব্যাটার শুভমান গিল (Shubman Gill)। সম্প্রতি ইংল্যান্ড (England) সফর থেকে ফেরার পর তাঁর দলীপ ট্রফি (Duleep Trophy)-তে খেলার কথা ছিল। উত্তরাঞ্চল দলের নেতৃত্ব দেওয়ার দায়িত্বও গিলের উপর বর্তেছিল। কিন্তু অসুস্থতার কারণে সেই টুর্নামেন্টে নামা নিয়েই তৈরি হয়েছে অনিশ্চয়তা।
একটি ক্রীড়া সংবাদমাধ্যমের দাবি, হঠাৎ জ্বরে আক্রান্ত হয়েছেন গিল। তাঁর রক্তপরীক্ষা করা হয়েছে এবং রিপোর্ট বিসিসিআইয়ের (BCCI) কাছে পাঠানো হয়েছে। যদিও চিকিৎসকরা জানিয়েছেন, উদ্বেগের কোনও কারণ নেই। আপাতত চণ্ডীগড়ে (Chandigarh) নিজের বাড়িতেই বিশ্রামে আছেন এই টেস্ট অধিনায়ক। ফলে আগস্টের শেষ সপ্তাহে শুরু হতে যাওয়া দলীপ ট্রফিতে তাঁকে দেখা নাও যেতে পারে।
তবে গিলকে নিয়ে চিন্তার কেন্দ্রবিন্দু এখন এশিয়া কাপ (Asia Cup)। আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে টুর্নামেন্ট। টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক হিসেবে তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ। বোর্ডের তরফে মনে করা হচ্ছে, এশিয়া কাপের জন্য তাঁকে পুরোপুরি ফিট রাখতে দলীপ ট্রফিতে না খেলানোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
গিলকে সহ-অধিনায়ক করার সিদ্ধান্ত ঘিরে সম্প্রতি বিতর্ক তৈরি হয়েছিল। তবে অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) বিষয়টি পরিষ্কার করে দিয়েছেন। তাঁর কথায়, “যখন গিল শেষবার ভারতের হয়ে টি-টোয়েন্টি খেলেছিল, আমি অধিনায়ক ছিলাম আর ও ছিল সহ-অধিনায়ক। সেখান থেকেই নতুন চক্র শুরু হয়। তারপর ও টেস্টে ব্যস্ত থাকায় টি-টোয়েন্টিতে নামা হয়নি। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলেছে। তাই ওর ফেরাটা একেবারেই স্বাভাবিক।”
সব মিলিয়ে, দলীপ ট্রফিতে গিলকে দেখা যাবে না বলেই অনুমান। তবে জাতীয় দলে, বিশেষ করে এশিয়া কাপে তাঁর ফেরা নিয়েই এখন সকলের নজর।


