আত্মহত্যা
বিজেপির টিকিট না মেলায় আরএসএস কর্মীর আত্মহত্যা! হোয়াটসঅ্যাপে ক্ষোভ উগরে দেন
ডিজিটাল ডেস্কঃ কেরলের তিরুঅনন্তপুরমে (Thiruvananthapuram) এক আরএসএস (RSS) কর্মীর আত্মঘাতী মৃত্যু ঘিরে তৈরি হয়েছে তীব্র আলোড়ন। বিজেপির (BJP) পক্ষ থেকে টিকিট না পাওয়ার পরই ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় আনন্দ কে থাম্পির (Anand K Thampi) দেহ। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাঁকে আর বাঁচানো যায়নি।
বন্ধুদের দাবি, আত্মহত্যার (Suicide) আগে হোয়াটসঅ্যাপ (WhatsApp) মেসেজে নিজেই এ সিদ্ধান্তের কথা জানান আনন্দ। সেই বার্তায় ক্ষোভ উগরে দেন বিজেপি ও আরএসএস নেতাদের বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, তিরুঅনন্তপুরম পুরসভা নির্বাচনে ত্রিক্কান্নাপুরম (Trikkanapuram) ওয়ার্ড থেকে বিজেপির টিকিট পাওয়ার আশা করেছিলেন তিনি। কিন্তু প্রার্থী তালিকা প্রকাশের পর বুঝতে পারেন, তাঁর নাম নেই।
এরপর আনন্দ তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং বন্ধুদের জানান, আর বাঁচতে চান না। বন্ধুরা দ্রুত তাঁর বাড়ির দিকে ছুটে গেলেও দেখা যায়—বাড়ির সামনে ঝুলছে আনন্দর নিথর দেহ। হাসপাতালে নিয়ে গেলে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
আনন্দর বার্তা খতিয়ে দেখে পুলিশ জানাচ্ছে, টিকিট না পাওয়ায় তিনি নির্দলীয় (Independent) প্রার্থী হিসেবে লড়ার কথা ভাবছিলেন। কিন্তু বন্ধুরা দূরত্ব রাখছে মনে করেই তিনি ভেঙে পড়েন বলে অনুমান তদন্তকারীদের।
মেসেজে আরও বিস্ফোরক অভিযোগ করেছেন তিনি—বিজেপির কয়েকজন স্থানীয় নেতা নাকি বালি মাফিয়ার (Sand Mafia) সঙ্গে যুক্ত, আর তাঁর প্রার্থিতাকে আটকে রাখতে ‘চক্রান্ত’ করা হয়েছে।
যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়ে বিজেপির রাজ্য সভাপতি রাজীব চন্দ্রশেখর (Rajeev Chandrasekhar) জানিয়েছেন—
“ওই ওয়ার্ডের প্রস্তাবিত তালিকায় তাঁর নাম ছিলই না। তবুও বিষয়টি আমরা খতিয়ে দেখব।”
অন্যদিকে শিবসেনা (Shiv Sena) নেতাদের দাবি, টিকিট না পেয়ে আনন্দ তাঁদের কাছেই সাহায্য চান এবং একটি বৈঠকের পর শিবসেনার সদস্যপদ (Membership) নিতে সম্মত হন। শনিবার সকালেও সে সম্পর্কেই ব্যস্ত ছিলেন তিনি। কিন্তু অল্প সময় পরই ঘটে মর্মান্তিক ঘটনা।
পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে।


