ভাইরাল খবর
“বাঙালির গায়ে হাত পড়লে বিজেপি নেতাদের হাত কেটে দেব”, বিস্ফোরক তৃণমূল বিধায়কের
ডিজিটাল ডেস্কঃ দিল্লিতে বাঙালি পরিযায়ী শ্রমিক পরিবারের হেনস্থা ইস্যুতে ফের উত্তাল রাজনীতি। পশ্চিমবঙ্গের চাঁচল থেকে তৃণমূল বিধায়ক তথা জেলা সভাপতি আব্দুর রহিম বক্সী (Abdur Rahim Boxi) বৃহস্পতিবার এক জনসভায় বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন। তাঁর হুঁশিয়ারি— “বাঙালিদের গায়ে হাত দিলে বিজেপি নেতাদের হাত কেটে নেওয়া হবে।” শুধু তাই নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi)-কেও তিনি আখ্যা দিলেন “ধাপ্পাবাজ, চিটিংবাজ।”
উল্লেখ্য, দিল্লিতে পরিযায়ী শ্রমিক মুক্তার খান ও তাঁর পরিবারকে পুলিশ হেনস্থা করেছে বলে অভিযোগ উঠেছিল। এমনকি তাঁর ছোট ছেলেকেও নির্যাতন করা হয়। বিষয়টি সামনে আসতেই সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পরে রাজ্য সরকারের উদ্যোগে মুক্তার খান ও তাঁর পরিবার নিরাপদে পশ্চিমবঙ্গে ফিরতে সক্ষম হন। বৃহস্পতিবার রাতে তাঁরা ফিরলেন চাঁচলের পিরোজাবাদে।
আরও পড়ুনঃ “আপনার মতামতই হবে ভাষণের শক্তি”— স্বাধীনতা দিবস ঘিরে দেশবাসীর কাছে আহ্বান মোদীর
সেদিন তাঁদের সংবর্ধনা জানাতে হাজির হন বিধায়ক আব্দুর রহিম বক্সী, জেলা পরিষদের সহ-সভাধিপতি রফিকুল হোসেন, শেখ আফসার আলি-সহ একাধিক নেতৃত্ব। এখানেই বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলার শ্রমিকদের উপর অত্যাচারের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দেন আব্দুর রহিম।
অন্যদিকে, হেনস্থার শিকার সাজেনুর খাতুন অভিযোগ করেন, দিল্লি পুলিশের নির্যাতনের ভিডিওটিও কাটছাঁট করা হয়েছে। তবে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রাজ্য সরকার ও সাংসদ মৌসম নুর (Mausam Noor)-এর প্রতি, যাঁদের সহায়তায় নিরাপদে ঘরে ফিরতে পেরেছেন তাঁরা।
এই ঘটনায় কেন্দ্র-রাজ্য সংঘাত আরও তীব্র হওয়ার আশঙ্কা করছে রাজনৈতিক মহল।
