অপারেশন সিঁদুর
‘মন কি বাত’-এ অপারেশন সিঁদুরের জয়গান, সেনার বীরত্বে গর্বিত প্রধানমন্ত্রী
ডিজিটাল ডেস্কঃ অপারেশন সিঁদুর (Operation Sindoor) নিয়ে ফের একবার ভারতীয় সেনার প্রশংসায় মুখর হলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। রবিবার ‘মন কি বাত’ (Mann Ki Baat)-এর ১২২তম পর্বে এই অভিযানের প্রসঙ্গ তুলে ধরে তিনি জানান, কিভাবে ভারতীয় সেনা দেশের মাটিতে সন্ত্রাসের মূলোচ্ছেদে সাহসিকতার নজির গড়েছে।
প্রধানমন্ত্রী বলেন, “জঙ্গিদের ঘরে ঢুকে প্রত্যাঘাত করেছে আমাদের সেনা। অপারেশন সিঁদুরে যে সাহস, শৃঙ্খলা ও নিখুঁত কৌশলের পরিচয় মিলেছে, তা গোটা দেশবাসীর গর্বের বিষয়। এই অভিযানে আমাদের সেনা তিরঙ্গার মর্যাদা রক্ষা করেছে।” সন্ত্রাসবাদের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের ‘জিরো টলারেন্স’ (Zero Tolerance) নীতির কথা আবারও দৃঢ়ভাবে মনে করিয়ে দেন প্রধানমন্ত্রী। তাঁর মতে, দেশের প্রতিটি মানুষ আজ সন্ত্রাসের বিরুদ্ধে একজোট। অপারেশন সিঁদুর সেই জাতীয় ঐক্যের শক্তিশালী প্রতিচ্ছবি।
তিনি আরও বলেন, “সীমান্ত পেরিয়ে শত্রুর ঘাঁটিতে হামলা চালিয়ে যে কৌশলী সাফল্য সেনারা এনেছেন, তা এক ঐতিহাসিক অধ্যায় হয়ে থাকবে। ভারত আজ বিশ্ববাসীকে বার্তা দিয়েছে—সন্ত্রাসের মোকাবিলায় আমরা আপসহীন এবং সদা প্রস্তুত।”
প্রধানমন্ত্রী বিশেষভাবে উল্লেখ করেন, অপারেশন সিঁদুরের পুরো অভিযান দেশীয় প্রযুক্তি ও অস্ত্রশস্ত্র ব্যবহার করেই সম্পন্ন হয়েছে। তাঁর কথায়, “দেশীয় প্রতিরক্ষা উৎপাদন (Make in India Defence) আজ শুধু আমাদের আত্মনির্ভরতা নয়, নিরাপত্তারও প্রতীক।” তিনি জানিয়ে দেন, ভবিষ্যতেও ভারত এভাবেই দৃঢ় ও সুসংহত জবাব দিতে তৈরি থাকবে।
২০১৪ সালের ৩ অক্টোবর থেকে শুরু হওয়া ‘মন কি বাত’ আজ দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক স্তরে পৌঁছে গেছে। বর্তমানে এটি ২২টি ভারতীয় ভাষা, ২৯টি উপভাষা এবং ১১টি বিদেশি ভাষায় সম্প্রচারিত হয়। বিদেশি ভাষার তালিকায় রয়েছে—ফরাসি (French), চিনা (Chinese), ইন্দোনেশীয়, তিব্বতি, বার্মিজ, বালুচি, আরবি, পশতু, ফারসি, দারি ও স্বাহিলি। আকাশবাণীর ৫০০-রও বেশি কেন্দ্র থেকে এটি সম্প্রচারিত হয়।
শেষে প্রধানমন্ত্রী দেশবাসীর প্রতি আহ্বান জানান—সেনার সাহসিকতাকে সম্মান জানিয়ে সবাই মিলে এক নতুন, সুরক্ষিত ভারত গড়ে তোলার পথে অগ্রসর হতে।
