দেশজুড়ে ছড়িয়ে পড়ছে কোভিডের নতুন রূপ NB.1.8.1, কলকাতাতেও মিলেছে হদিস
Connect with us

দেশের খবর

দেশজুড়ে ছড়িয়ে পড়ছে কোভিডের নতুন রূপ NB.1.8.1, কলকাতাতেও মিলেছে হদিস

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ দেশজুড়ে ফের বাড়ছে করোনা সংক্রমণের প্রকোপ। এইবার ভাইরাসের যে নতুন প্রজাতি মাথাচাড়া দিয়ে উঠছে, তার নাম NB.1.8.1—যাকে সম্প্রতি ‘ভ্যারিয়েন্ট আন্ডার মনিটরিং’ হিসেবে চিহ্নিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO – World Health Organization)

বিশেষজ্ঞদের মতে, NB.1.8.1 অতিমাত্রায় সংক্রামক, তবে তুলনামূলকভাবে কম মারাত্মক। সংক্রমণের ফলে আইসিইউ (ICU) বা ভেন্টিলেশনের প্রয়োজন হচ্ছে না বেশিরভাগ ক্ষেত্রেই। তা সত্ত্বেও সাবধানতা অবলম্বন জরুরি, কারণ এই ভ্যারিয়েন্টও হাঁচি-কাশির মাধ্যমে এক ব্যক্তি থেকে অন্যের দেহে সহজেই ছড়িয়ে পড়তে সক্ষম।

১৮ মে পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ইতিমধ্যেই ২২টি দেশে এই ভ্যারিয়েন্টে আক্রান্ত হওয়ার ঘটনা চিহ্নিত হয়েছে। ভারতের বিভিন্ন রাজ্যের পাশাপাশি কলকাতাতেও একাধিক আক্রান্তের দেহে এই নতুন প্রজাতির উপস্থিতি মিলেছে বলে জানিয়েছেন ভাইরোলজিস্টরা।

আরও পড়ুনঃ সন্ত্রাসে ‘জিরো টলারেন্স’, পাকিস্তানকে কটাক্ষ করে সিঙ্গাপুরে অভিষেকের কড়া বার্তা

Advertisement
ads

বিশ্ব স্বাস্থ্য সংস্থার বঙ্গে নিযুক্ত কো-অর্ডিনেটর এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. প্রীতম রায় (Dr. Pritam Roy) বলেন, “এই নতুন ভ্যারিয়েন্ট নিয়ে আতঙ্কের কোনও কারণ নেই। এটি তুলনামূলকভাবে দুর্বল এবং বর্তমানে বাজারে যে কোভিড প্রতিষেধক (Vaccine) রয়েছে, তা এই ভ্যারিয়েন্টের বিরুদ্ধেও কার্যকর।”

তবে সংক্রমণ রুখতে কিছু প্রাথমিক সতর্কতা বজায় রাখার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা—

  • সর্দি, কাশি বা জ্বর থাকলে অবশ্যই মাস্ক (Mask) ব্যবহার করুন

  • বাইরে থেকে এসে হাত সাবান দিয়ে ধুয়ে ফেলুন

  • যাঁদের কোমর্বিডিটি (Comorbidity) রয়েছে, তাঁদের ভিড় এড়িয়ে চলা উচিত

  • অসুস্থ বোধ করলে বাড়িতেই থাকুন ও বিশ্রাম নিন

বিশেষজ্ঞরা আরও জানান, NB.1.8.1 যেমন সংক্রমণ বাড়াচ্ছে, ঠিক তেমনই আগের একটি ভ্যারিয়েন্ট LP.8.1 এখন ধীরে ধীরে শক্তি হারাচ্ছে।

কলকাতা শহরেও ইতিমধ্যেই নতুন করে তিনজন কোভিড আক্রান্তের হদিস মিলেছে। EM বাইপাসের (EM Bypass) ধারের এক বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন ৭০ বছর বয়সি এক বৃদ্ধা। অন্যদিকে সল্টলেক (Salt Lake)-এর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ৫০ ও ৬৬ বছর বয়সি দুই মহিলা। দুইজনেরই কোমর্বিডিটি রয়েছে।

Advertisement
ads

সব মিলিয়ে, এই নতুন ভ্যারিয়েন্ট নিয়ন্ত্রণে রাখতে পুরনো অভ্যাসেই ভরসা রাখার বার্তা দিচ্ছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা—সচেতন থাকুন, নিয়ম মেনে চলুন, নিরাপদে থাকুন।