ভাইরাল খবর
প্রধানমন্ত্রীর বাংলার দুর্নীতি মন্তব্যে পাল্টা জবাব, কেন্দ্র ও নির্বাচন কমিশনকে হুঁশিয়ারি দিলেন মমতা
Digital Desk: প্রধানমন্ত্রীর (PM Narendra Modi) বাংলার দুর্নীতি নিয়ে মন্তব্যের জবাবে এবার পাল্টা তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee)। নাম না করেই তিনি প্রধানমন্ত্রীকে ‘দুকান কাটা’ বলে কটাক্ষ করেন এবং নির্বাচন কমিশনের (Election Commission) ভূমিকা নিয়েও তীব্র প্রশ্ন তোলেন।
শনিবার বর্ধমানের (Bardhaman) সরকারি সভায় মমতা বলেন, ‘‘সব প্রশ্নের উত্তর দেওয়ার পরও বাংলাকে চোর বলা হচ্ছে। অথচ চোর ও গদ্দারদের সঙ্গে মিটিং হচ্ছে। লজ্জা করে না?’’ তিনি নিজের আক্রমণাত্মক ভঙ্গিতে যোগ করেন, ‘‘লজ্জা, ঘৃণা, ভয়—এই তিন থাকতে নেই। একটা কান কাটা থাকলে আরেকটার ভয় থাকে। ওদের দু’টোই কাটা! তাই আর ভয় কীসের?’’
নির্বাচন কমিশনকেও কড়া বার্তা দেন মমতা, ‘‘ভোট এলেই নাম কাটতে হবে? ইলেকশন কমিশনকে প্রণাম জানাই, সালাম জানাই—কিন্তু প্লিজ বিজেপির ললিপপ হবেন না। তা হলে মানুষ ক্ষমা করবে না।’’ তিনি প্রধানমন্ত্রীর ক্রমাগত সফরকেও নিয়ে কটাক্ষ করেন, ‘‘ভোটের সময় পরিযায়ী শ্রমিকের মতো আসছেন। আমি চাই আপনি রোজ আসুন। বিমান ফ্রি, হেলিকপ্টার ফ্রি, রাস্তাও ফ্রি—সবই ফ্রিতে। আমি সরকার থেকে এক পয়সাও নিই না।’’
মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘‘বাংলার মেধা ছাড়া বিদেশের নামী শিক্ষাপ্রতিষ্ঠান চলতে পারে না। হাভার্ড, অক্সফোর্ড, নাসা—সব জায়গায় বাংলার মেধা রয়েছে। তাই বাংলাকে তাড়ানো যায় না।’’ বর্ধমান সভায় তিনি কেন্দ্রকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘‘বাংলা মায়ের সম্মানে আঘাত করলে আমার গায়ে লাগে। আমাকে গালি দিন, কুৎসা করুন, আমি লড়াই করব। বুকের পাটা আছে। এটি আমার মাটি, মায়ের শক্তি।’’
মমতার পাল্টা জবাবের মাধ্যমে স্পষ্ট হয়, কেন্দ্রের দুর্নীতির অভিযোগ এবং বাংলার বঞ্চনা ইস্যু আগামী বিধানসভা ভোটের প্রেক্ষাপটেও গুরুত্বপূর্ণ রাজনৈতিক হাতিয়ার হয়ে থাকবে। তিনি দাবি করেন, ‘‘কেন্দ্র ১৮৬টি প্রতিনিধিদল পাঠিয়েছে। সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। তবুও অস্বচ্ছতার অভিযোগ করা হচ্ছে। বাংলাকে শূন্য দেওয়া হচ্ছে।’’


