ডিজিটাল ডেস্কঃ ভিনরাজ্যে বাঙালিদের উপর ক্রমবর্ধমান হেনস্তার প্রতিবাদে এবার রাস্তায় নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আগামী ১৬ জুলাই কলকাতায় ধিক্কার মিছিলের নেতৃত্ব দেবেন তিনি। অভিযোগ, বিজেপি শাসিত একাধিক রাজ্যে বাংলা ভাষাভাষীদের সঙ্গে চরম বৈষম্য করা হচ্ছে। বিদ্যুৎ ও জলের সংযোগ কেটে দেওয়া, বসবাসে বাধা দেওয়া, এমনকি পরিচয়পত্র থাকা সত্ত্বেও নাগরিক অধিকার অস্বীকার করার মতো ঘটনাও ঘটছে বলে দাবি রাজ্য সরকারের।
রবিবার এক সাংবাদিক বৈঠকে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya) জানান, ওই দিন দুপুর ১টা থেকে কলেজ স্কোয়ার (College Square) থেকে শুরু হবে প্রতিবাদ মিছিল, যা শেষ হবে ডোরিনা ক্রসিং (Dorina Crossing)-এ। মিছিলের নেতৃত্বে থাকবেন মুখ্যমন্ত্রী নিজে। এই কর্মসূচিতে হাওড়া, দমদম, সল্টলেক এবং ভাঙড়ের তৃণমূল কর্মীরা যোগ দেবেন বলে জানিয়েছেন তিনি।
আরও পড়ুনঃ বিহারের ভোটার তালিকায় নেপাল, বাংলাদেশ ও মায়ানমারের নাগরিক! চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে
চন্দ্রিমা আরও জানান, “বাংলা বললেই যদি কারও বিদ্যুৎ বা জল কেটে দেওয়া হয়, তা দেশের গণতান্ত্রিক কাঠামোর বিরুদ্ধেই যায়। বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাঙালিদের সঙ্গে আচরণ যেন ‘second class citizen’-এর মতো। কেন্দ্র এই অন্যায়ের দায় এড়াতে পারে না।”
এই ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগেই এক্স (X)-এ ক্ষোভ প্রকাশ করেছিলেন। এবার সরাসরি রাস্তায় নেমে প্রতিবাদ জানাবেন তিনি। একইসঙ্গে ১৬ জুলাই দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত রাজ্যের সব জেলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে। দিল্লিতেও বাঙালি হেনস্তার বিরুদ্ধে প্রতিবাদ জানাবে তৃণমূল কংগ্রেস, এমনটাই জানিয়েছেন চন্দ্রিমা।
এই কর্মসূচিকে ঘিরে রাজ্য রাজনীতিতে উত্তেজনা ছড়াতে শুরু করেছে। তৃণমূলের দাবি, এটা শুধুই প্রতিবাদ নয়, বাংলা-অস্মিতার লড়াই।