খেলার খবর
প্রয়াত কিংবদন্তি হকি খেলোয়াড় ভেস পেজ, পিতৃহারা হলেন লিয়েন্ডার।শোকের ছায়া ক্রীড়ামহলে
ডিজিটাল ডেস্কঃ প্রয়াত হলেন ভারতের কিংবদন্তি হকি তারকা ও খ্যাতনামা ক্রীড়া চিকিৎসক ভেস পেজ (Vasudevan ‘Vas’ Paes)। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। বৃহস্পতিবার ভোরে শেষনিঃশ্বাস ত্যাগ করেন এই প্রবাদপ্রতিম ক্রীড়াবিদ। বয়স হয়েছিল ৮০ বছর।
১৯৭২ সালের মিউনিখ অলিম্পিকে ভারতীয় হকি দলের হয়ে ব্রোঞ্জ পদক জয় ছিল তাঁর ক্যারিয়ারের অন্যতম শীর্ষ মুহূর্ত। মিডফিল্ডার হিসেবে বিশ্বজোড়া খ্যাতি অর্জন করেছিলেন তিনি। খেলোয়াড় জীবনের পাশাপাশি স্পোর্টস মেডিসিনে (Sports Medicine) ছিলেন বিশেষজ্ঞ। ভারতের জাতীয় ক্রিকেট দল, ডেভিস কাপ টেনিস দলসহ বহু প্রথম সারির ক্রীড়া সংস্থার ফিজিও ও চিকিৎসক হিসেবে কাজ করেছেন।
আরও পড়ুনঃ ভোটার তালিকায় নিবিড় পরিমার্জন: বাংলার প্রস্তুতি সম্পূর্ণ, নিশ্চিত করল কমিশন
ভেস পেজ ছিলেন প্রখ্যাত টেনিস তারকা লিয়েন্ডার পেজের (Leander Paes) পিতা। দেশের ক্রীড়াজগতে তাঁদের পিতা-পুত্রের সাফল্য এক অনন্য দৃষ্টান্ত। হকির ব্রোঞ্জ জয়ী এই অলিম্পিয়ান নিজের অভিজ্ঞতা ও দৃঢ়তা দিয়ে পুত্রকে আন্তর্জাতিক টেনিসের শীর্ষে পৌঁছাতে সাহায্য করেছিলেন। ভেসের স্ত্রী জেনিফার পেজ (Jennifer Paes) নিজেও ছিলেন ক্রীড়াবিদ—ভারতীয় মহিলা বাস্কেটবল দলের অধিনায়ক। বর্তমানে তিনিও অসুস্থ।
ভেস পেজের মৃত্যুতে ভারতীয় ক্রীড়াজগতে নেমে এসেছে গভীর শোক। প্রাক্তন সতীর্থ থেকে শুরু করে নানা ক্ষেত্রের ক্রীড়াবিদরা তাঁর অবদানের কথা স্মরণ করছেন। তাঁর প্রয়াণে ক্রীড়া দুনিয়ায় এক অপুরণীয় শূন্যতার সৃষ্টি হল।
