ভাইরাল খবর
ভোটার তালিকায় নিবিড় পরিমার্জন: বাংলার প্রস্তুতি সম্পূর্ণ, নিশ্চিত করল কমিশন
ডিজিটাল ডেস্ক: সব জল্পনার অবসান ঘটিয়ে স্পষ্ট হয়ে গেল—পশ্চিমবঙ্গেও শুরু হতে চলেছে ভোটার তালিকার নিবিড় পরিমার্জন বা Special Intensive Revision (SIR)। বিহারের পর এবার বাংলাতেও এই প্রক্রিয়া চালুর পথে এগোচ্ছে নির্বাচন কমিশন। গত ৮ অগস্ট রাজ্যকে চিঠি দিয়ে কমিশন জানিয়েছে, পশ্চিমবঙ্গেও শিগগিরই শুরু হবে SIR।
বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে শুনানির সময় পশ্চিমবঙ্গ সরকারের পক্ষে আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণ (Gopal Shankar Narayan) জানান, রাজ্যের সঙ্গে কোনও আলোচনা ছাড়াই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। যদিও শুনানির সময় বিচারপতি সূর্যকান্ত (Justice Suryakant) বলেন, “পশ্চিমবঙ্গে এখনও SIR শুরু হয়নি।” এই পর্যবেক্ষণের পর গোপাল শঙ্কর নারায়ণ কমিশনের পাঠানো চিঠির প্রসঙ্গ তোলেন এবং আশঙ্কা প্রকাশ করেন যে যেকোনও সময় শুরু হতে পারে সমীক্ষা।
আরও পড়ুনঃ পশ্চিমবঙ্গের সিনেমা হলে প্রতিদিন বাধ্যতামূলক বাংলা ছবি প্রদর্শন
শুনানিতে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee) কলকাতা হাইকোর্টের সামনে এক মহিলার গায়ে আগুন দেওয়ার চেষ্টার ঘটনা উল্লেখ করেন, যা নাকি SIR–এর বিরোধিতায় ঘটেছিল। তবে বিচারপতি সেদিন তাঁর বক্তব্য শোনেননি এবং বলেন, বাংলার প্রসঙ্গ উঠলে যথেষ্ট সময় দেওয়া হবে।
উল্লেখ্য, কিছুদিন ধরেই জল্পনা চলছিল—বিহারের ধাঁচে বাংলাতেও হবে নিবিড় পরিমার্জন। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে ইতিমধ্যেই ২০০২ সালের রাজ্যের ভোটার তালিকা আপলোড করা হয়েছে। বিএলও (BLO) দের দেওয়া হয়েছে বিশেষ প্রশিক্ষণও। গত ৭ অগস্ট মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল (Manoj Agarwal) জাতীয় নির্বাচন কমিশনকে জানিয়েছেন, সমস্ত জেলা থেকে তথ্য সংগ্রহ করে রিপোর্ট পাঠানো হয়েছে এবং রাজ্য সম্পূর্ণ প্রস্তুত।
