এক স্কুল ছাত্রকে অপহরণ করে খুন, চাঞ্চল্য এলাকায়
Connect with us

মালদা

এক স্কুল ছাত্রকে অপহরণ করে খুন, চাঞ্চল্য এলাকায়

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , রতুয়া , ০৮ জানুয়ারী : এক স্কুল ছাত্রকে অপহরণ করে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায়। ঘটনাটি ঘটেছে মালদা জেলার রতুয়ার পরানপুর এলাকায়। পুলিশ এঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করেছে। তাদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

জানা গিয়েছে, মৃত স্কুল ছাত্রের নাম অনিক দাস (১৩)। সে পরানপুর হাই স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র। পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা নাগাদ অনিক দাসের বাড়ির সামনে একটি চিঠি পাওয়া যায়। যাতে লেখা ছিল অনিককে অপহরণ করা হয়েছে। এরপর পরিবারের সদস্যরা চিৎকার-চেঁচামেচি শুরু করে। চিৎকার শুনে পাড়া-প্রতিবেশীরা জমায়েত হন। এখবর পাওয়ার পরেই অনিকের সন্ধানে খোঁজ শুরু করে প্রতিবেশীরা। এরপর প্রায় দু’ঘণ্টা পর অনিকের বাড়ি থেকে প্রায় ২৫ মিটার দূরে এক পরিত্যক্ত বাড়িতে তাঁর মৃতদেহ দেখতে পান এলাকাবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন পুখুরিয়া থানার বিশাল পুলিশবাহিনী। যদিও পুলিশকে মৃতদেহ উদ্ধার করতে গিয়ে বাধার মুখে পড়তে হয় ক্ষিপ্ত জনতার। অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে দীর্ঘক্ষন পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন এলাকাবাসীরা। তাদের দাবি অবিলম্বে দোষীকে গ্রেফতার করতে হবে। অনিকের পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রতিবেশী তথা অনিকের ক্লাসমেট অংশু দাস, অংশু দাসের দাদা লাকি দাস, মা অনিতা দাস এবং এক প্রতিবেশী যুবতী মেধা দাসকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।