গঙ্গানদীতে ভেসে আসা মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য
Connect with us

মালদা

গঙ্গানদীতে ভেসে আসা মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য

Dipa Chakraborty

Published

on

মালদা, ৫ জুন : নদীতে ভেসে আসা মৃতদেহ উদ্ধারকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো মালদা জেলার ভুতনি থানার কোশিঘাট এলাকায়। শনিবার দুপুর নাগাদ গঙ্গা নদীতে দুটি মৃতদেহ ভেসে আসতে দেখেন নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা। এরপর ঘটনাস্থলে ছুটে আসে ভুতনি থানার পুলিশ।

একটি মৃতদেহ উদ্ধার করা সম্ভব হলেও অপর একটি মৃতদেহের সন্ধানে খোঁজ চালাচ্ছেন পুলিশ কর্মীরা।উল্লেখ্য, বিগত বেশ কিছুদিন আগে উত্তরপ্রদেশ, বিহার সহ বিভিন্ন রাজ্যের নদীতে একাধিক মৃতদেহ ভেসে থাকতে দেখা যায়। করোনা আক্রান্তের মৃতদেহের সন্দেহে আতঙ্ক ছড়ায় নদী তীরবর্তী এলাকাবাসীদের মধ্যে। এই ঘটনা রুখতে ইতিপূর্বে মালদার বিভিন্ন নদীর ঘাটগুলিতে নজরদারি চালান পুলিশ আধিকারিকরা। এমনকি ভিন রাজ্যের কোন মৃতদেহ ভেসে এলে তা উদ্ধার করে সৎকারের নির্দেশিকাও জারি করা হয়েছে প্রশাসনের তরফে।তবে শনিবার দুপুর নাগাদ মালদা জেলার ভুতনি থানার কোশিঘাট এলাকায় দুটি মৃতদেহ গঙ্গা নদীতে ভেসে আসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। একটি মৃতদেহ নদীতে ভেসে চলে গেলেও অপর একটি মৃতদেহ নদীর ধারে আটকে যায়। মৃতদেহ দুটি পার্শ্ববর্তী রাজ্য থেকে নদীতে ভেসে এসেছে বলে অনুমান এলাকাবাসীদের। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ভুতনি থানার বিশাল পুলিশবাহিনী। একটি মৃতদেহ নদীগর্ভ থেকে উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানোর পাশাপাশি অপর একটি মৃতদেহের সন্ধানে নদীগর্ভে তল্লাশী চালাচ্ছেন পুলিশ আধিকারিকেরা।