দেশের খবর
ভারত-আমেরিকা সম্পর্ক নতুন মোড়ে? সেপ্টেম্বরে হতে চলেছে বড় বৈঠক
ডিজিটাল ডেস্ক: আগামী মাসে মার্কিন মাটিতে পা রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। মূলত নিউইয়র্কে অনুষ্ঠিতব্য রাষ্ট্রসংঘের (United Nations) সাধারণ পরিষদ অধিবেশনে যোগ দেওয়ার জন্যই এই সফর। তবে এর পাশাপাশি বিশেষ গুরুত্ব পাচ্ছে তাঁর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক। কূটনৈতিক মহলে ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রে এই সাক্ষাৎ।
প্রসঙ্গত, কিছুদিন আগেই রুশ তেল আমদানি ইস্যুতে ভারতের উপর অতিরিক্ত শুল্ক আরোপ করেছে ওয়াশিংটন। সেইসঙ্গে বাণিজ্য আলোচনায় অনাগ্রহও প্রকাশ করেছেন ট্রাম্প, যতদিন না শুল্ক সমস্যা মেটে। ফলে দুই দেশের বাণিজ্য সম্পর্ক কার্যত অচলাবস্থায়। এই পরিস্থিতিতেই সেপ্টেম্বরের শেষ সপ্তাহে নিউইয়র্কে মিলিত হবেন দুই নেতা। বিশেষজ্ঞদের মতে, এই বৈঠক দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে উঠতে পারে।
আরও পড়ুনঃ পুরীর জগন্নাথ মন্দিরকে উড়িয়ে দেওয়ার হুমকি, নিরাপত্তা নিয়ে উঠল প্রশ্ন
জানা যাচ্ছে, মোদি নিউইয়র্কে থাকাকালীন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি (Zelensky)-সহ একাধিক বিশ্বনেতার সঙ্গেও বৈঠক করবেন। তবে ট্রাম্পের সঙ্গে আলোচনাই যে সর্বাধিক নজর কাড়বে তা স্পষ্ট। বছরের শুরুতে হোয়াইট হাউসে তাঁদের সাক্ষাতের পর এটি হবে দ্বিতীয় গুরুত্বপূর্ণ মিটিং।
এদিকে ১৫ আগস্ট পুতিন-ট্রাম্প বৈঠকের ফলাফলও ভারতের নজরে থাকবে। কূটনৈতিক পর্যবেক্ষকদের মতে, সেই বৈঠকের ফল ট্রাম্প-মোদির আলোচনাতেও প্রভাব ফেলতে পারে। এখন দেখার, সেপ্টেম্বরে নিউইয়র্কের এই সাক্ষাৎ কি দুই দেশের সম্পর্কে নতুন উষ্ণতা ফিরিয়ে আনতে পারে।
