রাজনীতি
তৃণমূল পঞ্চায়েত সদস্যার স্বামীর ওপর বোমাবাজি, উদ্ধার ২ তাজা বোমা
নিউজ ডেস্ক: রাতের অন্ধকারে তৃণমূল পঞ্চায়েত সদস্যার স্বামীকে লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার মাগুরপুরে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় তপন থানার বিশাল পুলিশ বাহিনী।ঘটনাস্থল থেকে দুটি তাজা বোমা উদ্ধার করে পুলিশ।
এই ঘটনার পর থেকেই থমথমে অবস্থা তপনের মাগুরপুরে। জানা গিয়েছে, স্থানীয় রামপাড়া চাঁচড়া গ্রাম পঞ্চায়েতের সদস্যা মাহমুদা খাতুন। তার স্বামী আজিবুর রহমান। বর্তমানে তিনি অঞ্চল আইএনটিটিইউসির সভাপতি। রাতে তাকে লক্ষ্য করেই একদল দুষ্কৃতি বোমা ছোড়ে। বোমা ফাটলেও অল্পের জন্য প্রাণে রক্ষা পান আজিবুর ।
এদিকে চিৎকার চেঁচামেচি শুনে স্থানীয়রা ছুটে আসলে পরে দুষ্কৃতীরা তাদের হাতে থাকা বোমা ফেলে পালিয়ে যায়। বিষয়টি জানাজানি হতেই খবর দেওয়া হয় তপন থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। পুলিশ ও স্থানীয়রা খোঁজাখুঁজি করতেই দুটি তাজা বোমা উদ্ধার হয়। পরে পুলিশ সেগুলি বালতির জলে দিয়ে নষ্ট করে। বোমা উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
আরও পড়ুন – স্ত্রীর আচরণে অতিষ্ঠ স্বামী, সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ
জানা গেছে , কিছুদিন আগে ওই এলাকার একটি জমির বিবাদের সময় একজনকে সহযোগিতা করেছিলেন আজিবুর। সেই ঘটনার জেরেই তার উপর এই হামলা করা হয়েছে বলেই তার প্রাথমিক অনুমান। এনিয়ে তপন থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন তিনি বলে জানান । যদিও বোমাবাজির ঘটনাটি রাজনৈতিক না অন্য কিছু তা খতিয়ে দেখছে তপন থানার পুলিশ।
এদিকে ঘটনা নিয়ে সবর হয়েছে গঙ্গারামপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক গৌতম দাস। তিনি ঘটনায় দোষীদের শাস্তির দাবি তোলেন। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। এই ঘটনার নেপথ্যে জমি সংক্রান্ত বিবাদ রয়েছে বলে জানা গিয়েছে ৷
আরও পড়ুন – নিবেদিতা সেতুর কাছে ভয়াবহ দুর্ঘটনা, মৃত্যু ৪ শ্রমিকের
