রাজনীতি
সিঙ্গুরে কৃষকদের আন্দোলনে শুভেন্দু, ১৫ টাকা কেজি দরে আলু কিনতে হবে সরকারের
ডিজিটাল ডেস্ক: ন্যায্যমূল্যে আলুর দাম না মেলায় সিঙ্গুরে (Singur) কৃষকদের নিয়ে পথে নামলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি এক প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়ে শাসক দলকে কড়া ভাষায় আক্রমণ করেন। শুভেন্দুর অভিযোগ, সিঙ্গুর-সহ রাজ্যের বহু কৃষক কেন্দ্রীয় প্রকল্প ‘পিএম কিষান সম্মান নিধি’ থেকে বঞ্চিত। তাঁর দাবি, দেশের প্রায় ১৫ কোটি কৃষক পরিবার এই প্রকল্পের সুবিধা পেলেও, পশ্চিমবঙ্গের ৩৩ লক্ষ পরিবার ইচ্ছাকৃতভাবে তালিকা থেকে বাদ পড়েছেন।
বক্তব্যে সিঙ্গুরের টাটা কারখানার প্রসঙ্গও টেনে আনেন বিরোধী নেতা। তিনি বলেন, “কারখানা হয়নি, ফসল হয়নি, মাছ চাষও হয়নি। টাটাদের কারখানা ডিনামাইট দিয়ে উড়িয়ে দেওয়া হয়েছে, জমিও নষ্ট হয়েছে।” ভাগ চাষিদের রেকর্ড বন্ধ করে দেওয়ার অভিযোগও তোলেন তিনি। পাশাপাশি কেন্দ্রের সারে ভর্তুকি দেওয়ার বিষয়েও রাজ্যের গাফিলতির কথা উল্লেখ করেন।
আরও পড়ুনঃ যুদ্ধবিরোধী আন্দোলনে আবারও নজির, ইসরাইলমুখী সৌদি জাহাজ আটকালেন ইতালির কর্মীরা
শুভেন্দুর মন্তব্য, কালীপুজোর পর আলুর মরশুম শুরু হলে সারের দাম প্রায় দ্বিগুণ হয়ে যাবে। তখন সরকারের কোনো সাহায্য মিলবে না। তাই পূর্ব বর্ধমান, মেদিনীপুর ও হাওড়ার অংশে আলুর দাম ১৫ টাকা কেজি দরে সরকারকে কিনতে হবে বলে জোর দাবি জানান তিনি। না মানলে কৃষকদের আন্দোলন তীব্র করার পাশাপাশি আদালতের দ্বারস্থ হওয়ার পরামর্শ দেন।
শাসক দলকে একহাত নিয়ে তিনি অভিযোগ করেন, “এদের একটাই লক্ষ্য—মুসলিম ভোটব্যাঙ্ক ধরে রাখা, রোহিঙ্গা ও বাংলাদেশি মুসলিম ঢোকানো, আর ভোটের আগে ভাতা বিলি।” কৃষকদের অধিকারের প্রশ্নে লড়াই চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেন বিরোধী দলনেতা।
