রাজনীতি
মন্দির থেকে সোনার অলংকার চুরি, ধরা পড়লেন বিজেপির প্রাক্তন সাধারণ সম্পাদক
ডিজিটাল ডেস্কঃ চড়ক পুজোর পর মন্দির থেকে সোনার মালা চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল নকশালবাড়িতে। জানা গিয়েছে, নকশালবাড়ির দয়ারাম জোতে অবস্থিত এক মন্দিরে গত ১৪ এপ্রিল চড়ক পুজোর আয়োজন হয়েছিল। সেই সময় মন্দিরে থাকা একটি সোনার মালা রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। প্রথমদিকে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করলেও অলংকারের সন্ধান মেলেনি। অবশেষে ২৫ এপ্রিল মন্দির কমিটির তরফে নকশালবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। তদন্তে নেমে মধ্য কোটিয়াজোত এলাকার বাসিন্দা বাসুদেব পাল নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদের পর উঠে আসে আরও চাঞ্চল্যকর তথ্য। ধৃত বাসুদেবের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ গ্রেফতার করে নকশালবাড়ি মণ্ডলের বিজেপির প্রাক্তন সাধারণ সম্পাদক ও স্বর্ণ ব্যবসায়ী শ্যামল রায়কে।
আরও পড়ুনঃ সোশাল মিডিয়ার সৌজন্যে ১৪ বছর পর ঘরে ফিরলেন এক ব্যাক্তি
পুলিশ সূত্রে খবর, ধৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে প্রায় ৫ গ্রাম ওজনের চুরি হয়ে যাওয়া সোনার মালা। ধৃত বাসুদেব পাল ও শ্যামল রায়কে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে।
এই ঘটনায় রাজনীতির পারদও চড়েছে। বিজেপি নেতার গ্রেফতারিকে ঘিরে তৃণমূলের তরফে কটাক্ষ শোনা গিয়েছে। তৃণমূলের নকশালবাড়ি ব্লক সভাপতি পৃথ্বীশ রায় বলেন, “কে কোন দলে আছে সেটা বড় কথা নয়, কে কী কাজ করছে সেটাই আসল।” তিনি কটাক্ষ করে যোগ করেন, “চুরির মতো ঘটনায় যুক্ত থেকে বিজেপির আসল চরিত্র সামনে এসেছে।”
এদিকে পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপির মণ্ডল সভাপতি সাধন চক্রবর্তীও। তিনি বলেন,- বরং তৃণমূলের পার্টি অফিস তো চোর-ডাকাতের আখড়া হয়ে উঠেছে। আগে ওরা নিজেদের দেখুক।”
