ভাইরাল খবর
এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের বড় পদক্ষেপ, গুজরাট থেকে বাদ পড়ল ৬৮ লক্ষ ভোটার
ডিজিটাল ডেস্কঃ দেশজুড়ে ভোটার তালিকা নিবিড় সংশোধনের (Intensive Revision) প্রক্রিয়া শুরু করেছে নির্বাচন কমিশন। এর অংশ হিসেবে সম্প্রতি একাধিক রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের চূড়ান্ত ভোটার তালিকা (Final Voter List) প্রকাশিত হয়েছে। এই তালিকায় দেখা গিয়েছে, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর রাজ্য গুজরাটে ভোটার সংখ্যায় সবথেকে বড়সড় পতন ঘটেছে। সংশোধনের আগে গুজরাটে ভোটারের সংখ্যা ছিল ৫ কোটি ৮ লক্ষ ৪৩ হাজার ৪৩৬ জন। কিন্তু এসআইআর (SIR) বা ভোটার তালিকা সংশোধনের পর তা কমে দাঁড়িয়েছে ৪ কোটি ৪০ লক্ষ ৩০ হাজার ৭২৫ জনে। অর্থাৎ প্রায় ৬৮ লক্ষ ১২ হাজার ৭১১ জন ভোটারের নাম বাদ পড়েছে মোদি-শাহের রাজ্য থেকে, যা দেশের মধ্যে সর্বোচ্চ।
শুধু গুজরাট নয়, মধ্যপ্রদেশেও ৩৪ লক্ষ ২৫ হাজার ৭৮ জন ভোটারের নাম তালিকা থেকে বাদ গেছে। একইভাবে রাজস্থানে নাম কাটা গিয়েছে ৩১ লক্ষ ৩৬ হাজার ২৮৬ জনের। পিছিয়ে নেই দক্ষিণ বা পূর্ব ভারতের রাজ্যগুলোও; কেরলে ৮ লক্ষ ৯৭ হাজার ২১১ এবং ছত্তিশগড়ে ২৪ লক্ষের বেশি নাম বাদ পড়েছে। এমনকি গোয়া ও আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জেও হাজার হাজার ভোটারের নাম চূড়ান্ত তালিকা (Final List) থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
নির্বাচন কমিশনের (Election Commission) তথ্য অনুযায়ী, ১২টি রাজ্যের মধ্যে ইতিমধ্যে ৯টি রাজ্যের তালিকা প্রকাশিত হয়েছে। বাকি থাকা তিনটি রাজ্যের মধ্যে তামিলনাড়ুতে ২৩ ফেব্রুয়ারি এবং পশ্চিমবঙ্গে ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। অন্যদিকে, উত্তরপ্রদেশের ভোটারদের অপেক্ষার অবসান ঘটবে আগামী ১০ এপ্রিল। মূলত ভুয়া ভোটার চিহ্নিতকরণ এবং তথ্য হালনাগাদ করতেই কমিশনের এই কঠোর পদক্ষেপ (Stringent Measures)।


