স্বাস্থ্য
নাবালিকাকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ প্রতিবেশী গ্রেপ্তার, চাঞ্চল্য তেহট্টে
ডিজিটাল ডেস্কঃ নদিয়ার তেহট্টে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হলেন বছর পঁচাত্তরের এক বৃদ্ধ। অভিযুক্তের নাম নিশিকান্ত বিশ্বাস। শুক্রবার সন্ধেবেলা এই ঘটনাকে ঘিরে এলাকাজুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
জানা গিয়েছে, একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে বেশ কয়েকদিন আগে মামার বাড়িতে এসেছিল ওই নাবালিকা। সেই সূত্রে প্রতিবেশী ওই বৃদ্ধের সঙ্গে আগে থেকেই তার পরিচয় ছিল। স্থানীয় সূত্রের খবর, শিশুটি ওই বৃদ্ধকে ‘দাদু’ বলেই সম্বোধন করত। অভিযোগ, শুক্রবার বিকেলে বৃদ্ধ নিজের ঘরে ডেকে নেয় ওই নাবালিকাকে। সেই সময় ঘরে আরও এক নাবালক উপস্থিত থাকলেও কিছুক্ষণ পর সে চলে যায়। তারপরই সুযোগ নিয়ে শিশুটির উপর যৌন নিগ্রহ চালানোর অভিযোগ উঠেছে অভিযুক্তের বিরুদ্ধে।
আরও পড়ুনঃ স্কুলে শিশুদের সামনে মদের আসর! পড়ুয়াদের মদ খেতে উৎসাহিত, সাসপেন্ড শিক্ষক
নাবালিকার আর্তনাদ শুনে ছুটে আসেন আশপাশের লোকজন। তাঁরা বৃদ্ধকে আটক করে ঘরেই আটকে রাখেন এবং সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে। তেহট্ট থানার একটি দল রাতেই ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে হেফাজতে নেয়। বর্তমানে অভিযুক্তকে জেরা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। পাশাপাশি, নির্যাতিতা নাবালিকার চিকিৎসা এবং প্রয়োজনীয় শারীরিক পরীক্ষাও করা হচ্ছে।
এই ঘটনায় স্থানীয় মহলে ব্যাপক ক্ষোভ ছড়িয়েছে। সাধারণ মানুষের প্রশ্ন, যে মানুষকে ‘দাদু’ বলে মান্যতা দিত এক শিশু, সে কীভাবে এমন অমানবিক আচরণ করতে পারে? পুলিশের তরফে জানানো হয়েছে, এই মামলায় নিরপেক্ষ ও দ্রুত তদন্ত করা হবে।
