ভাইরাল খবর
ইউনেস্কোর নাম ভাঁড়িয়ে দুর্গাপুজোর টিকিট বিক্রি! আইনি বিপাকে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন
ডিজিটাল ডেস্কঃ ইউনেসকো (UNESCO)-র নাম ও স্বীকৃতিকে সামনে রেখে দুর্গাপুজোর ‘প্রিভিউ শো’ (Preview Show) এবং ‘প্রিভিলেজড এন্ট্রি’ (Privileged Entry) টিকিট বিক্রির অভিযোগে বিতর্কে জড়ালেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও সংগীতশিল্পী ইন্দ্রনীল সেন এবং তাঁর স্ত্রী মধুছন্দা সেন। এই ঘটনায় কলকাতা পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের হয়েছে।
অভিযোগ করেছেন ‘মেঘদূত ফাউন্ডেশন’-এর কর্ণধার জয়দীপ মুখোপাধ্যায় ও সগুনা মুখোপাধ্যায়। তাঁদের দাবি, ইউনেসকোর নাম ও লোগো ব্যবহার করে কলকাতার একাধিক দুর্গাপুজোয় আগাম প্রবেশাধিকার দেওয়ার নামে উচ্চমূল্যের টিকিট বিক্রি করা হচ্ছিল। অথচ এই ধরনের কোনও বাণিজ্যিক কর্মকাণ্ডের (Commercial Activity) সঙ্গে ইউনেসকোর কোনও সম্পর্ক নেই।
অভিযোগে ইন্দ্রনীল ও মধুছন্দা সেন ছাড়াও ধ্রুবজ্যোতি বসু (শুভ), সায়ন্তন মৈত্র এবং রাজন চট্টোপাধ্যায়ের নাম রয়েছে। অভিযোগকারীদের দাবি, দুর্গাপুজোকে ইউনেসকোর ‘ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ’ (Intangible Cultural Heritage) স্বীকৃতির সঙ্গে যুক্ত করে একটি বাণিজ্যিক মডেল (Business Model) তৈরি করা হয়েছিল, যার মাধ্যমে বিপুল অর্থ সংগ্রহের চেষ্টা হয়েছে।
পুলিশের কাছে জমা দেওয়া নথি, সরকারি ই-মেল (Official Email) এবং আইনি দলিলে উল্লেখ করা হয়েছে যে, ইউনেসকো কখনও এই ধরনের টিকিট বিক্রি বা বাণিজ্যিক উদ্যোগকে অনুমোদন দেয়নি। অভিযোগকারীদের দাবি, ২০২২ সাল থেকে এই কার্যকলাপ চলছিল এবং দেশ-বিদেশে টিকিট বিক্রির মাধ্যমে কোটি টাকার লেনদেন হয়েছে।
তবে সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন ইন্দ্রনীল সেন। তাঁর দাবি, তিনি কোনও পুজো আয়োজনে যুক্ত নন এবং অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। প্রয়োজন হলে আইনি পদক্ষেপও নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
কলকাতা পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত (Investigation) শুরু করেছে। জমা পড়া নথি খতিয়ে দেখে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে সূত্রের খবর।
