অবশেষে মোহভঙ্গ! মুখ্যমন্ত্রীর কাছে ক্ষমা চেয়ে টুইট করলেন সোনালি গুহ
Connect with us

রাজ্যের খবর

অবশেষে মোহভঙ্গ! মুখ্যমন্ত্রীর কাছে ক্ষমা চেয়ে টুইট করলেন সোনালি গুহ

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ২২ মে :  অবশেষে মোহভঙ্গ। দলে ফিরতে চেয়ে মুখ্যমন্ত্রীর কাছে কাতর মিনতি করলেন সোনালি গুহ। বিধানসভা নির্বাচনে টিকিট না পেয়ে অভিমানে দলত্যাগ করেছিলেন সাতগাছিয়া বিধানসভা কেন্দ্রের ৪ বারের বিধায়ক সোনালি গুহ।

যোগ দিয়েছিলেন বিজেপিতে। মার্চে অভিমান করে দলত্যাগ ও মে মাসেই ভুল বুঝে ক্ষমাপ্রার্থী। তৃণমূল ছাড়ার সিদ্ধান্ত ভুল ছিল, স্বীকার করে দিদির স্নেহতলে ফেরার আবেদন জানিয়ে টুইট করলেন সোনালি গুহ। টুইটারে একটি পোস্ট করে সোনালি গুহ লেখেন, “সম্মানীয় দিদি, আমার প্রণাম নেবেন। আমি সোনালী গুহ, অত্যন্ত ভগ্ন হৃদয়ে বলছি যে, আমি আবেগপূর্ণ হয়ে চরম অভিমানে ভুল সিদ্ধান্ত নিয়ে অন্য দলে গিয়েছিলাম। ওটা আমার চরম ভুল সিদ্ধান্ত ছিল। কিন্তু আমি সেখানে মানিয়ে নিতে পারছি না। মাছ যেমন জল ছাড়া বাঁচতে পারে না, তেমনই আমি আপনাকে ছাড়া বাঁচতে পারব না। দিদি। আমি আপনার কাছে ক্ষমাপ্রার্থী। দয়া করে আমাকে ক্ষমা করে দিন। আপনি আমাকে ক্ষমা না করলে আমি বাঁচব না। আপনার আঁচলের তলে আমাকে টেনে নিয়ে বাকি জীবনটা আপনার স্নেহতলে থাকার সুযোগ করে দিন।” প্রসঙ্গত, তৃণমূলে টিকিট না পাওয়াটাই তাঁর কাছে ছিল ক্ষোভ আর অভিমানের। কিন্তু বিজেপিতে গিয়েও টিকিট জোটেনি। তার মধ্যে আবার বিপুল আসনে জয়ী হয়ে ক্ষমতা এসেছে তৃণমূল। তাই সোনালি এমন সিদ্ধান্ত বদল করছে বলে ধারনা ওয়াকিবহাল মহলের। রাজনৈতিক মহলের মতে, আশা পূরণ না হওয়ায় ফের পুরনো শিবিরেই ফিরছেন তিনি। উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবনে দীর্ঘদিনের সৈনিক সোনালি। মমতার ছায়াসঙ্গী হিসেবেই বঙ্গ রাজনীতিতে পরিচিত তিনি। কিন্তু, বিধানসভা নির্বাচনের মুখে সোনালি গুহ-র দলবদল ঘিরে জোর চর্চা হয়েছিল রাজ্য রাজনীতিতে।

Advertisement
ads
Continue Reading
Advertisement