রাজ্যের খবর
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় যশ, প্রস্তুতি নবান্নের, বিশেষ বৈঠক প্রধানমন্ত্রীর
নিউজ ডেস্ক, ২৩ মে : ফণী, আমফানের মতন বিধ্বংসী ঘূর্ণিঝড়ের তাণ্ডবলীলা দেখেছে বাংলার মানুষ। সাক্ষী রয়েছে সেই ভয়াবহ ঘূর্ণিঝড়ের। আবারও এক ঘূর্ণিঝড় ধেয়ে আসছে বাংলার দিকে। এই ঘূর্ণিঝড়টি ঠিক কতটা ভয়াবহ, আর ঠিক কোথায় তার ‘ল্যান্ডফল’ হবে তা এখনও পুরোপুরি স্পষ্ট নয়।
তবে আবহাওয়া দপ্তর সূত্রের খবর, ২৫ এবং ২৬ মে, ঘূর্ণিঝড়টি আছড়ে পড়তে পারে বাংলার উপকূলবর্তী অঞ্চলে। সেসময় পরিস্থিতি কী হয়, তা খতিয়ে দেখতে নিজে কন্ট্রোল রুমে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নবান্নের পাশে উপান্নে তৈরি হবে বিশেষ কন্ট্রোলরুম। সেখানেই রাতভর থাকবেন মমতা। এ নিয়ে তিনি জেলাশাসক, পুলিশ সুপারদের সঙ্গে কথা বলে যাবতীয় প্রয়োজনীয় কাজের নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী। ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকও এই ঘূর্ণিঝড় মোকাবিলার প্রস্তুতি শুরু করে দিয়েছেন। এদিকে যশ নিয়ে আজই কেন্দ্রের শীর্ষ আধিকারিক, বিপর্যয় মোকাবিলা দপ্তর, টেলিকম, বিদ্যুৎ, বিমানমন্ত্রকের সচিব এবং মন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। থাকবেন অমিত শাহ-সহ অন্য মন্ত্রীরাও। দুই রাজ্যেই সেনাবাহিনীর বিশেষ কলাম প্রস্তুত রয়েছে ঘূর্ণিঝড়ে মোকাবিলায়।
