রাজনীতি
দিদির ফোনেই গলল বরফ! পদত্যাগের হুমকি সরিয়ে ‘দলেই আছি’ ঘোষণা খগেশ্বর রায়ের
ডিজিটাল ডেস্কঃ ২০২৬-এর বিধানসভা নির্বাচনের (Assembly Election) প্রার্থী তালিকা ঘোষণার পর রাজগঞ্জ বিধানসভায় যে বিদ্রোহের (Rebellion) আগুন জ্বলে উঠেছিল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হস্তক্ষেপে তা প্রশমিত হলো। চারবারের তৃণমূল বিধায়ক তথা উত্তরবঙ্গে দলের অন্যতম পুরনো মুখ খগেশ্বর রায় বৃহস্পতিবার স্পষ্ট জানিয়ে দিলেন, তিনি দলেই আছেন এবং দলীয় প্রার্থীর হয়েই লড়াই করবেন।
মঙ্গলবার তৃণমূলের প্রার্থী তালিকায় নিজের নাম দেখতে না পেয়ে ক্ষোভে ফেটে পড়েছিলেন খগেশ্বর রায়। তিনি অভিযোগ করেছিলেন, ‘টাকার কাছে হেরে গেলাম’। ২০০৯ সাল থেকে টানা জয়ী এই বর্ষীয়ান নেতা দল ছাড়ার হুমকিও দিয়েছিলেন। তাঁর এই মন্তব্যে রাজগঞ্জ তথা উত্তরবঙ্গের রাজনীতিতে তীব্র চাঞ্চল্য (Sensation) ছড়িয়েছিল। রাজগঞ্জ আসনে এবার এশিয়াডে সোনাজয়ী অ্যাথলিট স্বপ্না বর্মনকে (Sapna Burman) প্রার্থী করেছে তৃণমূল।
পরিস্থিতি বেগতিক দেখে খগেশ্বর রায়কে সরাসরি ফোন করেন তৃণমূল সুপ্রিমো। মুখ্যমন্ত্রীর সেই ফোনেই সমস্ত অভিমান গলে জল হয়ে যায়। এদিন নিজের বাড়িতে এক সাংবাদিক বৈঠক (Press Conference) করে খগেশ্বর বলেন, “আমি ভাগ্যবান যে দিদি নিজে আমার সঙ্গে কথা বলেছেন। আবেগতাড়িত (Emotional) হয়ে কিছু কথা বলে ফেলেছিলাম, তার জন্য আমি লজ্জিত। আমি পদত্যাগপত্র জমা দিইনি, দলেই থাকব।”
মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন, এবার ৭৪ জন বিধায়ককে টিকিট দেওয়া সম্ভব হয়নি, তবে তাঁদের দলের অন্য গুরুত্বপূর্ণ কাজে লাগানো হবে। দিদির সেই আশ্বাসে ভরসা রেখেই খগেশ্বর রায় এখন রাজগঞ্জের তৃণমূল প্রার্থী স্বপ্নার সমর্থনে কোমর বেঁধে নামার প্রস্তুতি নিচ্ছেন। ভোটের মুখে এই সমঝোতা তৃণমূল শিবিরের জন্য বড়সড় স্বস্তি (Relief) বয়ে আনল।


