ভাইরাল খবর
জগন্নাথধামকে ‘বিনোদন পার্ক’ বলায় উত্তাল রাজনীতি, সুকান্তর মন্তব্যে ক্ষোভ তৃণমূলে
দিঘার নবনির্মিত জগন্নাথধাম মন্দির নিয়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের মন্তব্যে বিতর্কের ঝড়। এক সর্বভারতীয় টেলিভিশন চ্যানেলে টেলিফোনিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “ওটা মন্দির নয়, একেবারে বিনোদন পার্ক হয়ে গেছে।” এই মন্তব্যকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নয়া ঝড় উঠেছে।
সুকান্তর মন্তব্যকে “হিন্দু ধর্মের অবমাননা” হিসেবে চিহ্নিত করে সরব হয়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস। সোশ্যাল মিডিয়ায় তাঁর মন্তব্যের অডিও ক্লিপ প্রকাশ করে তৃণমূল তীব্র কটাক্ষ করে লিখেছে, “হিন্দু ধর্মের ভণ্ড ধ্বজাধারী বিজেপি নেতা নিজের রাজনৈতিক স্বার্থে ধর্মকেই অপমান করতে দ্বিধা করেন না।”
প্রসঙ্গত, ৩০ এপ্রিল অক্ষয় তৃতীয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করেছিলেন দিঘার ঐতিহাসিক জগন্নাথ মন্দির। উদ্বোধনের পর থেকেই এই ধর্মস্থান ভক্তদের ভিড়ে উপচে পড়েছে। পরিসংখ্যান বলছে, এক মাসের মধ্যেই লক্ষাধিক ভক্ত মন্দির দর্শনে গিয়েছেন। আসন্ন রথযাত্রার জন্য ইতিমধ্যে বিশাল প্রস্তুতি শুরু হয়েছে।
তৃণমূলের পক্ষ থেকে আরও বলা হয়, “জগন্নাথধাম শুধুমাত্র একটি স্থাপত্য নয়, এটি বিশ্বাস, ভক্তি এবং ধর্মীয় আবেগের প্রতীক। বিজেপি নেতা সুকান্ত মজুমদার সেই আবেগকেই অপমান করেছেন।” তাদের বক্তব্য, এই মন্তব্য রাজনৈতিক অসহিষ্ণুতা ও কৌশলগত অপপ্রচারেরই অংশ।
তৃণমূল হুঁশিয়ারি দিয়ে বলেছে, “জগন্নাথ ভক্তদের এই অপমানের উপযুক্ত জবাব খুব শীঘ্রই মিলবে।”
