দেশের খবর
প্রাক্তন বিধায়ক হিসেবে পেনশনের আবেদন ধনখড়ের – মাসে কত টাকা পাবেন জানুন
রাজস্থানের (Rajasthan) বিধানসভায় প্রাক্তন বিধায়ক হিসেবে পেনশনের (Pension) আবেদন করেছেন দেশের প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। ১৯৯৩ সালে কিষাণগড় (Kishangarh) কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হয়ে পাঁচ বছর দায়িত্ব পালন করেছিলেন তিনি। সেই সূত্রেই রাজস্থান বিধানসভা থেকে মাসিক পেনশন পাওয়ার অধিকারী ধনখড়। ইতিমধ্যেই তাঁর আবেদন অনুমোদনের জন্য পদক্ষেপ শুরু হয়েছে বলে জানা গিয়েছে।
নিয়ম অনুযায়ী, রাজস্থানের সব প্রাক্তন বিধায়ককে মাসে ৩৫ হাজার টাকা পেনশন দেওয়া হয়। তবে বয়স অনুযায়ী বাড়তি সুবিধা রয়েছে। ৭০ ঊর্ধ্ব প্রাক্তন বিধায়করা পান অতিরিক্ত ২০% পেনশন, আর ৮০ ঊর্ধ্বদের ক্ষেত্রে ৩০% বেশি দেওয়া হয়। বর্তমানে ধনখড়ের বয়স ৭৪। ফলে তিনি ৩৫ হাজার নয়, বরং ৪২ হাজার টাকা মাসিক পেনশন পাবেন।
রাজস্থান বিধানসভার স্পিকার (Speaker) বাসুদেব দেবনানি (Vasudev Devnani) জানিয়েছেন, “জগদীপ ধনখড় প্রাক্তন বিধায়ক হিসেবে পেনশনের জন্য আবেদন করেছেন। প্রক্রিয়াটি এগোচ্ছে এবং সমস্ত আনুষ্ঠানিকতা শেষ হলেই তিনি পেনশন পেতে শুরু করবেন।”
তবে এই আবেদনকে ঘিরে নতুন করে সরগরম হয়েছে রাজনৈতিক মহল। কারণ, উপরাষ্ট্রপতির পদ ছাড়ার পর এক মাসেরও বেশি সময় প্রকাশ্যে দেখা যায়নি ধনখড়কে। বিরোধীদের অভিযোগ, হঠাৎ পদত্যাগের পিছনে রয়েছে অন্য গল্প। কংগ্রেস (Congress) নেতা রাহুল গান্ধী মন্তব্য করেছিলেন, “এখানে অন্য কাহিনি আছে।” যদিও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) দাবি করেছিলেন, শারীরিক অসুস্থতার কারণেই পদ ছাড়েন ধনখড়।
এদিকে, ধনখড়ের স্ত্রী সুদেশ ধনখড়কে (Sudesh Dhankhar) সম্প্রতি একাধিকবার রাজস্থানে দেখা গিয়েছে। সূত্রের খবর, সেখানে তাঁদের পৈত্রিক জমির উপরে দুইটি বাণিজ্যিক (Commercial) বিল্ডিং তৈরি করছে ধনখড় পরিবার।


