পাকিস্তান
পাকিস্তানে ‘অজ্ঞাতপরিচয় বন্দুকবাজ’-এর হামলা! ৩০ জনের বেশি লস্কর জঙ্গি নিকেশের চাঞ্চল্যকর তথ্য ফাঁস
ডিজিটাল ডেস্কঃ পাকিস্তানের (Pakistan) মাটিতে গত তিন থেকে চার বছরে ৩০-এর বেশি লস্কর-ই-তৈবা (Lashkar-e-Taiba) সদস্য নিহত হওয়ার দাবি প্রকাশ্যে স্বীকার করেছেন সংগঠনের ঘনিষ্ঠ নেতা রিজওয়ান হানিফ। সম্প্রতি সামাজিক মাধ্যমে (Social Media) ভাইরাল হওয়া একটি ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের (PoK) বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে টার্গেট কিলিং (Target Killing)-এর শিকার হয়েছেন সংগঠনের সদস্যরা।
হানিফের দাবি, পেশোয়ার, করাচি, রাওয়ালপিন্ডি, মুজাফফরাবাদ ও রাওয়ালাকোট-সহ একাধিক এলাকায় অজ্ঞাতপরিচয় বন্দুকবাজদের (Unknown Gunman) হামলায় এই মৃত্যুর ঘটনা ঘটেছে। তাঁর অভিযোগ, ভারতের গোয়েন্দা সংস্থার (Intelligence Agency) সঙ্গে যুক্ত এজেন্টরা এই হামলার নেপথ্যে রয়েছে। তবে এই অভিযোগ অতীতের মতোই সম্পূর্ণ ভিত্তিহীন বলে খারিজ করেছে নয়াদিল্লি।
প্রতিবেদন অনুযায়ী, জঙ্গি সংগঠনের কোনও শীর্ষ সহযোগীর মুখে এত বড় ক্ষয়ক্ষতির কথা প্রকাশ্যে স্বীকার করার ঘটনা অত্যন্ত বিরল। সাধারণত এ ধরনের সংগঠন নিজেদের সদস্যদের মৃত্যুর তথ্য প্রকাশ্যে স্বীকার করে না।
ভিডিওতে হানিফ ধর্মীয় উস্কানিমূলক (Provocative) বক্তব্যও রাখেন এবং বিদ্বেষমূলক মন্তব্য করেন। বিশেষজ্ঞদের মতে, একের পর এক শীর্ষ জঙ্গির মৃত্যুতে সংগঠনটি চাপে পড়েছে। তাই নতুন সদস্য সংগ্রহ এবং চরমপন্থী (Extremist) মতাদর্শ ছড়াতে ধর্মীয় আবেগকে কাজে লাগানোর চেষ্টা করছে তারা।
উল্লেখ্য, অতীতে পাকিস্তানের বিভিন্ন এলাকায় একাধিক জঙ্গি নিহত হওয়ার ঘটনায় পাকিস্তান ভারতের বিরুদ্ধে অভিযোগ তুললেও ভারত প্রতিবারই সেই অভিযোগ অস্বীকার করেছে। ভারতীয় নিরাপত্তা ও গোয়েন্দা মহলও ভাইরাল ভিডিওটি খতিয়ে দেখেছে বলে জানা গেছে। তবে ভিডিওতে করা অভিযোগের সত্যতা স্বীকার করেনি ভারত।
