দেশ
ফের ছড়াচ্ছে করোনা, আক্রান্তের সংখ্যা ছুঁইছুঁই ৪ হাজার; উদ্বেগে কেরল, মহারাষ্ট্র ও দিল্লি
ডিজিটাল ডেস্ক: ফের মাথাচাড়া দিয়ে উঠছে করোনা ভাইরাস (Coronavirus)। দেশজুড়ে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ফের ৪ হাজারের দোরগোড়ায়। বিশেষ করে কেরল (Kerala), মহারাষ্ট্র (Maharashtra) এবং দিল্লি (Delhi)-তে সংক্রমণ উল্লেখযোগ্য হারে বাড়ছে বলে জানাচ্ছে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক (Union Ministry of Health and Family Welfare)।
সোমবার সকাল পর্যন্ত পাওয়া সরকারি পরিসংখ্যান অনুযায়ী, দেশে মোট সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩,৯৬১-এ। শুধু দিল্লিতেই (Delhi) একদিনে ৪৭ জনের করোনা সংক্রমণ ধরা পড়েছে। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ৪। রাজ্যভিত্তিক পরিসংখ্যানে দেখা যাচ্ছে, কেরলে সক্রিয় রোগীর সংখ্যা ১,৪৩৫, মহারাষ্ট্রে ৫০৬, দিল্লিতে ৪৮৩, পশ্চিমবঙ্গে (West Bengal) ৩৩৯ এবং গুজরাটে (Gujarat) ৩৩৮। গত ২৪ ঘণ্টায় কেরল, তামিলনাড়ু (Tamil Nadu) ও মহারাষ্ট্র মিলিয়ে মৃত্যু হয়েছে ৩ জনের।
আরও পড়ুনঃপুলিশকে হুমকি দিয়ে ইউ-টার্ন! অবস্থান বদল ভরতপুরের তৃণমূল বিধায়কের
বিশেষজ্ঞদের মতে, করোনা আবার ছড়াতে শুরু করলেও এই ভাইরাসের আগের মতো প্রাণঘাতী ক্ষমতা আর নেই। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (ICMR)-এর ডিরেক্টর জেনারেল রাজীব ভাল (Rajiv Bahl) জানান, দক্ষিণ এবং পশ্চিম ভারতের নমুনার জিনোম সিকোয়েন্সিং করে জানা গিয়েছে যে, এই সংক্রমণ ‘ওমিক্রন’ (Omicron)-এর একটি ভ্যারিয়েন্ট থেকেই হচ্ছে।
তবে চিকিৎসকদের একাংশ সতর্ক করছেন, সংক্রমণ বাড়ার বর্তমান গতিতে পুরনো কোভিড বিধিনিষেধ (Covid Protocol) ফের কার্যকর হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিশেষ করে বয়স্ক ও দীর্ঘস্থায়ী অসুস্থতাযুক্ত ব্যক্তিদের জন্য আরও বেশি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হচ্ছে। জনবহুল এলাকায় মাস্ক পরা, হাত স্যানিটাইজ করা ও দূরত্ববিধি মেনে চলার ওপর জোর দেওয়া হচ্ছে।
সরকারি তরফে যদিও জানানো হয়েছে, নতুন কোনও ঢেউ এলেও তা মোকাবিলায় প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত। জনগণকে আতঙ্কিত না হয়ে সাবধানতা অবলম্বনের অনুরোধ জানানো হয়েছে।
সতর্ক থাকুন, নিরাপদে থাকুন।
