দেশের খবর
কাশ্মীরে আটক চীনা নাগরিক, লাদাখ ও নিষিদ্ধ এলাকায় অনুমতি ছাড়া ভ্রমণ
ডিজিটাল ডেস্কঃ ভিসা (Visa) নিয়ম ভেঙে লাদাখ ও কাশ্মীরের (Kashmir) সংবেদনশীল ও কৌশলগত (Strategic) অঞ্চলে অনুমতি ছাড়াই সফর করায় শ্রীনগরে আটক করা হয়েছে এক চিনা নাগরিক (Chinese National)। ধৃতের নাম হু কংটাই (Hu Kongtai)। তাঁর মোবাইল ফোন ইতিমধ্যেই ফরেনসিক বিশ্লেষণে পাঠানো হয়েছে, সংবেদনশীল কোনও তথ্য তিনি সংগ্রহ বা শেয়ার করেছেন কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
হুকে জিজ্ঞাসাবাদের জন্য শ্রীনগর বিমানবন্দরের কাছে বুদগাম জেলার হুমহামা (Humhama) পুলিশ পোস্টে নিয়ে যাওয়া হয়। তিনি ১৯ নভেম্বর টুরিস্ট ভিসায় (Tourist Visa) দিল্লিতে (Delhi) আসেন। তাঁর ভিসা অনুযায়ী বারাণসী, আগ্রা, সারনাথ, গয়া, কুশিনগর–সহ বিভিন্ন বৌদ্ধ মন্দির পরিদর্শনের অনুমতি ছিল। কিন্তু তিনি লেহ (Leh), জানস্কার (Zanskar) এবং কাশ্মীরের একাধিক নিষিদ্ধ এলাকায় চলে যান।
জানা গেছে, হু দক্ষিণ কাশ্মীরের হাওরওয়ান বৌদ্ধ মঠ এবং অবন্তীপোরা (Awantipora) বৌদ্ধ মন্দিরের ধ্বংসাবশেষেও যান—যেখানে সেনাবাহিনীর ভিক্টর ফোর্স সদর দপ্তরসহ (Victor Force HQ) বেশ কয়েকটি নিরাপত্তা স্থাপনা রয়েছে।
তাঁর কাছ থেকে ভারতীয় সিম কার্ড (Indian SIM) উদ্ধার হয়েছে। মোবাইল ব্রাউজারে ৩৭০ ধারা প্রত্যাহার (Article 370), সিআরপিএফ নিয়োগ (CRPF Recruitment) নিয়ে সার্চ করার প্রমাণও মিলেছে। তবে কোনও ইতিহাস (Browsing History) মুছেছেন কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
জিজ্ঞাসাবাদে হু জানিয়েছেন, তিনি বোস্টন বিশ্ববিদ্যালয়ে (Boston University) পদার্থবিদ্যা পড়েছেন এবং গত নয় বছর যুক্তরাষ্ট্রে (USA) থাকেন। তাঁর দাবি—তিনি কেবলই ভ্রমণপ্রেমী; পাসপোর্টে যুক্তরাষ্ট্র, নিউজিল্যান্ড, ব্রাজিল, ফিজি ও হংকং সফরের প্রমাণও দেখা গেছে।
