ভাইরাল খবর
বিরোধী দলনেতার গাড়ি লক্ষ করে ইটবৃষ্টি! শুভেন্দুর কনভয়ে হামলার অভিযোগে উত্তাল কোচবিহার
ডিজিটাল ডেস্কঃ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)-র কোচবিহার সফর ঘিরে উত্তপ্ত হয়ে উঠল গোটা জেলা। মঙ্গলবার সকালেই কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের খাগড়াবাড়ি চৌপতিতে তৃণমূল কংগ্রেস (TMC)-র কর্মী-সমর্থকদের বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি (BJP) নেতা। অভিযোগ, শুভেন্দুর কনভয় লক্ষ্য করে ছোঁড়া হল ইট, লাঠি দিয়ে আঘাত করা হল গাড়িতে। ভাঙচুরের হাত থেকে রক্ষা পেল না পুলিশের গাড়িও। ভাঙে জানালার কাচ।
ঘটনার সূত্রপাত ঘাগড়াগড় এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে বিরোধী দলনেতা দলীয় কর্মসূচিতে যোগ দিতে কোচবিহারে পৌঁছনোর পথে, তাঁর আগমনবার্তা আগেই পেয়ে সেখানে জড়ো হন তৃণমূল কর্মীরা। শুভেন্দুর কনভয় পৌঁছতেই তাঁরা কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ শুরু করেন। বিজেপির অভিযোগ, সেই বিক্ষোভ হঠাৎই হিংসাত্মক চেহারা নেয়। কনভয়ের একাধিক গাড়িতে ইট ছোড়া হয়। শুভেন্দুর গাড়ির পিছনের কাচ ভেঙে যায়। এমনকি পুলিশের একটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি বিজেপির।
আরও পড়ুনঃ “গোটা গাজা দখল করো, নয়তো পদত্যাগ করো”! সেনাকে গাজা দখলের চূড়ান্ত নির্দেশ দিলেন নেতানিয়াহু
বিজেপি নেতৃত্বের কড়া অভিযোগ, পুলিশ (Police) ঘটনাস্থলে উপস্থিত থাকলেও তৃণমূলের হাতে কনভয়ের উপর হামলা থামায়নি। বরং শেষ মুহূর্তে পুলিশ কনভয় সরিয়ে না নিয়ে গেলে পরিস্থিতি আরও মারাত্মক হতে পারত বলে আশঙ্কা প্রকাশ করেন স্থানীয় নেতারা।
সূত্রের খবর, গত কয়েক সপ্তাহে কোচবিহারে বিজেপির তিন বিধায়কের উপর হামলার অভিযোগ উঠেছে। সেই ঘটনার প্রতিবাদে এদিন কোচবিহার জেলা পুলিশ সুপারের (SP Office) দপ্তরে ডেপুটেশন দেওয়ার কর্মসূচি ছিল বিজেপির। সেই কর্মসূচিতে যোগ দিতেই কোচবিহার যান শুভেন্দু অধিকারী।
তবে হামলার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে শাসক দল তৃণমূল। তাদের দাবি, কোনও ধরনের ইট ছোড়া বা আঘাতের ঘটনা ঘটেনি, এটি বিজেপির নাটক। যদিও পুলিশের তরফে এখনও পর্যন্ত এই ঘটনার কোনও অফিসিয়াল বিবৃতি মেলেনি।
ঘটনাকে কেন্দ্র করে গোটা কোচবিহার জেলায় তৈরি হয়েছে চরম রাজনৈতিক উত্তেজনা। স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছে বিজেপি। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও যে কোনও মুহূর্তে তা ফের অশান্ত হয়ে উঠতে পারে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।
