উত্তর দিনাজপুর
পঞ্চায়েত সদস্যদের প্রতি বিমাতৃসুলভ আচরণ, পথ অবরোধ বিজেপির
নিজস্ব সংবাদদাতা , হেমতাবাদ , ০২ ফেব্রুয়ারি : হেমতাবাদ গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্যদের প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর প্রাপকদের নামের তালিকা দেওয়া হচ্ছে না, পাশাপাশি বিজেপি সদস্যদের প্রতি বিমাতৃসুলভ আচরন করার অভিযোগ তুলে হেমতাবাদ গ্রাম পঞ্চায়েতে তালা ঝুলিয়ে রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্যরা।
ঘটনার খবর পেয়ে হেমতাবাদ ব্লকের বিডিও পৃথ্বীস দাস গ্রাম পঞ্চায়েতের এসে তালিকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ায় অবরোধ তুলে নেওয়ার পাশাপাশি গ্রাম পঞ্চায়েতের তালা খুলে দেয় বিজেপি সদস্যরা। মঙ্গলবার বিকালে ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চ্যলের সৃষ্টি হয় হেমতাবাদ সদর এলাকায়। রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়ক অবরোধ করায় ব্যপক যানজটের সৃষ্টি হয়। এই বিষয়ে গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য বিপ্লব সরকার বলেন, আমরা গ্রাম পঞ্চায়েতের প্রধান ও আধিকারিকদের কাছে বারবার প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর প্রাপকদের নামের তালিকা চেয়েছি। কিন্তু তা দেওয়া হয়নি। তৃণমূলের সদস্যদের দেওয়া হচ্ছে। এমন বিমাতৃসুলভ আচরণের প্রতিবাদে আমরা গ্রাম পঞ্চায়েতের তালা মেরে পথ অবরোধ করেছিলাম। বিডিও ঘটনাস্থলে এসে ঘর প্রাপকদের নামের তালিকা দেওয়ার প্রতিশ্রুতি দিলে বিক্ষোভ তুলে নেয় বিজেপির সদস্যরা। যদিও বিজেপি সদস্যদের প্রতি বিমাতৃসুলভ আচরণের অভিযোগের বিষয়ে বিডিও সংবাদ মাধ্যমে কোনো মন্তব্য করতে চাননি।
