দেশের খবর
আগস্টের শুরুতেই বড় আর্থিক পরিবর্তন, ইউপিআই, SBI ক্রেডিট কার্ড, RBI ট্রেডিং আওয়ারে আসছে নতুন নিয়ম
ডিজিটাল ডেস্কঃ আগস্টের শুরুতেই আমূল বদল আসতে চলেছে আর্থিক খাতে। ১ অগস্ট, ২০২৫ থেকে কার্যকর হচ্ছে একাধিক গুরুত্বপূর্ণ নিয়ম, যা প্রভাব ফেলবে সাধারণ ব্যাঙ্ক গ্রাহক থেকে শুরু করে ডিজিটাল লেনদেনকারী ও বিনিয়োগকারীদের ওপর। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) ইউপিআই ব্যবস্থায় এনেছে নতুন নিয়ম। পাশাপাশি, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)-র বেশ কয়েকটি ক্রেডিট কার্ড পরিষেবায় পরিবর্তন হচ্ছে। বদল আসতে পারে এলপিজি ও সিএনজি গ্যাসের দামে, আর রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) বাড়াচ্ছে ট্রেডিং আওয়ার।
ইউপিআই লেনদেনে নতুন নিয়ম:
- প্রতিটি UPI অ্যাপে দিনে সর্বাধিক ৫০ বার ব্যালান্স চেক করা যাবে।
- অটো-পে ট্রানজাকশন হবে শুধুমাত্র নন-পিক আওয়ারে (সকাল ১০টার আগে, দুপুর ১টা থেকে ৫টা ও রাত ৯:৩০টার পরে)।
- দিনে সর্বাধিক ৩ বার ট্রানজাকশন স্টেটাস চেক করার অনুমতি থাকবে, তবে অন্তত ৯০ সেকেন্ডের ব্যবধান রাখতে হবে।
- লিঙ্কড অ্যাকাউন্ট চেক করা যাবে দিনে সর্বোচ্চ ২৫ বার পর্যন্ত।
- টাকা পাঠানোর আগে দেখা যাবে প্রাপকের নাম, যাতে প্রতারণা কমে।
আরও পড়ুনঃ অপারেশন মহাদেবের মাঝেই উপত্যকায় নিখোঁজ বিএসএফ জওয়ান, শুরু ম্যাসিভ সার্চ অপারেশন
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কার্ড পরিষেবায় পরিবর্তন:
SBI জানিয়েছে, ১ অগস্ট থেকে বেশ কিছু এলিট (ELITE) ও প্রাইম (PRIME) ক্রেডিট কার্ডে দেওয়া বিনামূল্যের বিমা সুবিধা বন্ধ হচ্ছে।
- একাধিক কো-ব্র্যান্ডেড ELITE কার্ডে বন্ধ হবে ১ কোটি টাকার বিমান দুর্ঘটনা বিমা।
- PRIME ও Platinum কার্ডগুলিতে বন্ধ হচ্ছে ৫০ লক্ষ টাকার বিমা সুবিধা।
জ্বালানি খাতে পরিবর্তন:
১ অগস্ট থেকে এলপিজি, সিএনজি, পিএনজি ও এটিএফ (Aviation Turbine Fuel)-এর নতুন দাম ঘোষণা করা হবে। প্রতিমাসের মতো এবারও দাম সংশোধনের সম্ভাবনা রয়েছে।
RBI-র নয়া ট্রেডিং আওয়ার:
আগেই কল মানি মার্কেটের সময়সীমা বাড়ানো হয়েছে। এবার ১ অগস্ট থেকে মার্কেট রিপো ও TREPs খোলা থাকবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। এর ঠিক পরেই, ৪ থেকে ৬ অগস্ট অনুষ্ঠিত হবে RBI-এর মনেটারি পলিসি কমিটির (MPC) বৈঠক, যেখানে রেপো রেটে পরিবর্তন আসতে পারে।
সব মিলিয়ে, আগস্টের প্রথম দিন থেকেই দেশের আর্থিক পরিমণ্ডলে আসছে একাধিক বড় পরিবর্তন, যার প্রভাব সরাসরি পৌঁছবে সাধারণ মানুষের কাছে।
